বায়েজীদ থানা ঘেরাও আ. লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার প্রতিবাদে চট্টগ্রামের বায়েজীদ থানা ঘেরাও করেছেন স্থানীয় আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী।আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বায়েজীদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সগীর আহমেদের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী থানাটি ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাইরে থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। গতকাল রোববার থানার ওসি উত্তম কুমার পালকে সরিয়ে সাইফুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে ও তাঁকে পুনর্বহালের দাবিতে স্থানীয় আওয়ামী লীগ আজ থানাটি ঘেরাও করে।নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, এসব নেতা-কর্মীর সঙ্গে কিছু সন্ত্রাসীও রয়েছে।চট্টগ্রামের উপপুলিশ কমিশনার (উত্তর) মিরাজ উদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, ওসি পরিবর্তনের কারণে থানা ঘেরাও করেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এটি নিয়মিত বদলির অংশ বলে জানান তিনি।থানা ঘেরাওয়ে অংশ নেওয়া আমিন জুট মিল শ্রমিক লীগের নেতা মোস্তাফিজুর রহমান ওরফে লিটন দাবি করেন, ‘পুরোনো ওসি উত্তম কুমারের কাছ থেকে লোকজন ন্যায় বিচার পেত। তিনি এখানে দায়িত্বে আসার পর মাদক ব্যবসা কমে গেছে। এলাকার লোকজনের কথাও তিনি শুনতেন। তাই আমরা তাঁকে রাখতে থানা ঘেরাও করেছি।’থানা আওয়ামী লীগের নেতা আবদুন্নবী ওরফে লেদু হাজি বলেন, ‘আগের ওসি খুব ভালো মানুষ ছিলেন। গরিবের জন্য এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে তিনি কাজ করতেন। এ জন্য একটি চক্র তাঁকে সরিয়ে দিচ্ছে।’আবদুন্নবী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে। তিনি এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। বর্তমানে কোতোয়ালে থানার দায়িত্বে থাকা বায়েজীদ থানার সাবেক ওসি এ কে এম মহিউদ্দিন জানান, লেদুর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে।