বায়োনিক চোখে আলোর ঝিলিক! (ভিডিও)
রেটিনিটিস পিগমেন্টোসা নামের একটি বংশানুক্রমিক রোগের কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন ডায়ান অ্যাশওয়ার্থ নামের এক অস্ট্রেলীয় নারী। বায়োনিক চোখ বা কৃত্রিমভাবে তৈরি চোখের বদৌলতে আংশিক দৃষ্টি ফিরে পেয়েছেন তিনি। বায়োনিক চোখের এই সাফল্য দৃষ্টিপ্রতিবন্ধীদের চিকিৎসায় একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন চিকিৎসকেরা। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।বায়োনিক চোখটি তৈরি করেছে বায়োনিক ‘ভিশন অস্ট্রেলিয়া’ নামের একটি সংস্থা। গবেষকেরা জানান, বায়োনিক এই চোখে রয়েছে ২৪টি ইলেকট্রোড। একটি ছোট তার সংযোগ স্থাপন করেছে চোখের পেছনে থাকা একটি রিসেপ্টর বা সংকেত গ্রহীতার সঙ্গে। অ্যাশওয়ার্থের রেটিনার পাশে বসানো এ বায়োনিক চোখটি থেকে বের হওয়া আলোকরশ্মির সাহায্যে এখন দেখতে পাচ্ছেন তিনি। এ বছরের মে মাসে অস্ট্রেলিয়ার রয়াল ভিক্টোরিয়ান আই অ্যান্ড ইয়ার হাসপাতালে অ্যাশওয়ার্থের বায়োনিক চোখটি স্থাপন করেছিলেন চিকিত্সকেরা।বায়োনিক চোখ বিশেষজ্ঞ চিকিৎসক ড. পেনি অ্যালেন জানান, যন্ত্রটির মধ্যে বিদ্যুৎশক্তি চালিত হয়, যা রেটিনাকে উদ্দীপ্ত করে। এরপর ওই বৈদ্যুতিক তরঙ্গ মস্তিষ্কে পৌঁছে যায়, যা রোগীকে দেখতে সাহায্য করে।দৃষ্টিশক্তি ফিরে পাওয়া অ্যাশওয়ার্থ বলেন, ‘আমি হঠাৎ করেই যেন আলোর দেখা পেলাম। এ অভিজ্ঞতাটি ছিল অভূতপূর্ব।’বায়োনিক চোখ বিশেষজ্ঞরা বলেন, বায়োনিক চোখ আংশিকভাবে হলেও দৃষ্টিপ্রতিবন্ধীকে হারানো দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। এর কার্যকারিতা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন তাঁরা।বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীতে দৃষ্টিপ্রতিবন্ধীর সংখ্যা প্রায় চার কোটি। আরও সাড়ে ২৪ কোটি মানুষ আংশিকভাবে দৃষ্টিহীনতার শিকার।বায়োনিক চোখ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও কাজ করছেন। সেখানকার গবেষকেরা দৃষ্টিপ্রতিবন্ধীদের স্নায়ুতন্ত্র নিয়ে গবেষণা করছেন। স্নায়ু থেকে যে সংকেত মস্তিষ্কে দেখার অনুভূতি সৃষ্টি করে এবং তথ্য জোগায়, তা নিয়ে বর্তমানে কাজ করছেন তাঁরা।