বিআইডব্লিউটিএ চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুনভাবে নির্ধারিত রাজধানী ঢাকা ও আশপাশের চারটি নদীর ভেতর থাকা স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া, নারায়ণগঞ্জের ঊর্ধ্বতন উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি মেনুফেকচার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী এবং বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। চার নদী নিয়ে হাইকোর্টের রায় বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গত ১৬ মে আদালত অবমাননার মামলা করা হয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ মামলাটি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালত অবমাননার অভিযোগে বলা হয়, গত বছরের ২৫ জুন হাইকোর্টের একটি বেঞ্চ ঢাকা ও আশপাশের চার নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালুর নতুনভাবে নির্ধারিত সীমানার ভেতর থাকা সব স্থাপনা উচ্ছেদ বিষয়ে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। তার আলোকে রায় বাস্তবায়নের কাজ শুরু হয়। কিন্তু ২৫ ফেব্রুয়ারি এম এ রউফ চৌধুরী ও গোলাম মোস্তফা নারায়ণগঞ্জে নদীর পাড়সংলগ্ন জেটি না ভাঙার আবেদন করেন। ২৮ ফেব্রুয়ারি মো. সাইফুল ইসলাম বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের সঙ্গে আলোচনা করে জেটি না ভাঙার কথা বলেন। ১৪ মার্চ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাছে অনুমোদিত জেটি না ভাঙার বিষয়ে চিঠি দেন। এতে হাইকোর্টের রায় বাস্তবায়নে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে মনে করে আদালত অবমামনার মামলা করা হয়েছে।