বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের অতিরিক্ত ভ্রমণব্যয়ে ক্ষুব্ধ সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত ভ্রমণের খরচ দেখে ক্ষোভ প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি।আজ বুধবার সংসদ সচিবালয়ে কমিটির সভায় এ অসন্তোষ প্রকাশ করা হয়। এ ছাড়া বিআইডাব্লিউটিএর বিগত ১৬ বছরের অডিট আপত্তিগুলো অনিষ্পন্ন থাকায়ও অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। সভায় বিআইডব্লিউটিএর গত তিন বছরের আয় ও ব্যয়-সংক্রান্ত আর্থিক প্রতিবেদন, সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন, উন্নয়ন কার্যক্রম ও পরিকল্পনা এবং অডিট আপত্তির প্রতিবেদনসহ সংস্থাটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় ১৯৯৪ সাল থেকে এই প্রতিষ্ঠানটির অডিট আপত্তিগুলো অনিষ্পন্ন থাকায় অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে তাঁরা অডিট অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে তিন মাসের মধ্যে সব অনিষ্পন্ন অডিট আপত্তি নিষ্পত্তির সুপারিশ করেন। একই সঙ্গে কমিটির সদস্যরা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বিআইডব্লিউটিএর দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া এই সংস্থার যেসব কর্মকর্তার কারণে সঠিকভাবে রাজস্ব আদায় থেকে সরকার বঞ্চিত হয়েছে, তাঁদের বেতন থেকে সেই টাকা কেটে রাখার সুপারিশ করা হয়।সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা বলেন, বৈঠকে বিআইডব্লিউটিএকে নদীর ঘাট রক্ষণাবেক্ষণকাজ ঠিকভাবে করার জন্য বলা হয়েছে। সেই সঙ্গে আগামীতে যেসব ড্রেজার কেনা হবে, সেগুলো কেনার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বলা হয়েছে।মাইনুদ্দীন খান বাদল বলেন, বিআইডাব্লিউটিএর কর্মকর্তরা এক বছরেই এক কোটি ৩০ লাখ টাকা ভ্রমণ বাবদ খরচ করেছেন, যা আমাদের (কমিটির) কাছে সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি। সভায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়, দাপ্তরিক ভ্রমণ, আন্তর্জাতিক প্রদর্শনী পরিদর্শন বা কর্মশালায় অংশ নেওয়া ও ড্রেজারসহ অন্যান্য নৌসামগ্রী কেনার জন্য দফায় দফায় বিদেশ গমনে এই অর্থ ব্যয় করেছেন তাঁরা। তবু কমিটি মনে করে এই ব্যয় মাত্রাতিরিক্ত ও বিলাসী। একটি সেবামূলক প্রতিষ্ঠানে শুধু ভ্রমণ বাবদ এত টাকা খরচ মোটেই সন্তোষজনক নয়। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বী চৌধুরী, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, বীরেন শিকদার, মাইনুদ্দীন খান বাদল ও বজলুল হক হারুন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।