বিআইডব্লিউটিসির যাত্রীসেবার একি হাল!
দেশের ব্যস্ততম ঢাকা-খুলনা মহাসড়কের মাওয়া-কাওড়াকান্দি রুটের ফেরি ও লঞ্চঘাটের পন্টুনগুলোর বিশ্রামাগার, টয়লেটগুলো সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন উপায়ে ব্যবহার করায় হাজারো যাত্রী প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে।ঘাট সূত্রে জানা যায়, মাওয়া-কাওড়াকান্দি রুটের ছয়টি ফেরি ও দুটি লঞ্চঘাটে মোট ছয়টি পন্টুন রয়েছে। যাত্রীদের ব্যবহারের জন্য এসব পন্টুনে একাধিক বিশ্রামাগার ও টয়লেট রয়েছে।কাওড়াকান্দি ঘাট এলাকায় দেখা যায়, তিন নম্বর রো রো ফেরিঘাটের পন্টুনের দুটি বিশ্রামাগারের একটি তালাবদ্ধ, অন্যটি কর্মচারীদের খাবারের কক্ষ ও স্টোর রুম হিসেবে ব্যবহূত হচ্ছে। টয়লেট দুটিই তালাবদ্ধ রয়েছে। কর্তব্যরত লস্কর মোক্তার হোসেন বিশ্রামাগারের এক পাশে রান্নার প্রস্তুতি নিচ্ছেন, অন্য পাশে বস্তা সংরক্ষিত রয়েছে। লঞ্চঘাটের পন্টুনে দেখা যায়, বিশ্রামাগার ও টয়লেটগুলো তালাবদ্ধ। লঞ্চের পন্টুনের প্রবেশমুখে লস্করেরা দোকান বসিয়ে ব্যবসা করছেন।ফেরিযাত্রী বিলকিস বেগম বলেন, ‘ঘাট এলাকায় কোনো বাথরুম বা ল্যাট্রিন নেই। পন্টুনের বিশ্রামাগার ও বাথরুমগুলোও তালাবদ্ধ, কর্মচারীরা সেগুলো ব্যবহার করতে দেন না। বাধ্য হয়ে পাশের এক বাড়িতে গিয়ে বাড়িওয়ালার দুর্ব্যবহারের শিকার হয়েছি।’লঞ্চমালিক মনির হোসেন বলেন, ‘লস্করেরা লঞ্চঘাটের বিশ্রামাগার ও টয়লেটগুলো শুধু বন্ধই রাখে না, ডিউটি ফাঁকি দিয়ে পন্টুনের প্রবেশমুখেই দোকানদারি করে। যাত্রীরা সেবার পরিবর্তে পায় দুর্ব্যবহার।’লঞ্চের পন্টুনের লস্কর মুন্না শেখ বলেন, ‘আমরা ঠিকমতো ডিউটি করি। কয়টা টাকার জন্য একই সঙ্গে দোকানদারিও করি। আর বাথরুম বা বিশ্রামাগার কেউ ব্যবহার করতে চাইলে খুলে দিই।’তিন নম্বর রো রো পন্টুনের ইনচার্জ মোকলেসুর রহমান বলেন, ‘সারা দেশের সব ফেরির পন্টুন দীর্ঘদিন ধরে এভাবেই চলছে। আপনারা বললে এখনই সবগুলোর তালা খুলে দেব। একটি বিশ্রামাগার (রান্নার কাজে ব্যবহূত) সব সময়ই খোলা থাকে।’বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (মাওয়া জোন) মো. আশিকুজ্জামান জানান, স্থানসংকটের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা এগুলো ব্যবহার করে। এতে তেমন বাধা নেই।