বিআরটি চালু হলে যানজট কমবে
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সদরঘাট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) চালু হলে ঢাকার যানজট অনেকাংশে কমবে। তিনি বলেন, বিআরটি লাইনে বাসের মাধ্যমে বিপুলসংখ্যক যাত্রী কম সময়ে নির্ধারিত গন্তব্যে সহজে যাতায়াত করতে পারবে।আজ মঙ্গলবার বিমানবন্দর থেকে সদরঘাট পর্যন্ত বিআরটি চালুর জন্য বিশ্বব্যাংকের সম্পাদিত ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) রাজধানীর সোনারগাঁও হোটেলে ওই অনুষ্ঠানের আয়োজন করে।ওবায়দুল কাদের বলেন, দেশের কোটি কোটি মানুষের বেশ কিছু স্বপ্নের প্রকল্প রয়েছে। সেগুলো অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের কারণে যেন জিম্মি না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানান। তিনি ফিজিবিলিটি স্টাডিতে অর্থায়নের জন্য দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির মাধ্যমে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে কেরানীগঞ্জ পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন-৩ বাস্তবায়নসংক্রান্ত সমীক্ষা সম্পন্ন হয়েছে। বিআরটির এই লাইন তিনটি সংযুক্ত হবে গাজীপুর থেকে বিমানবন্দর রেলস্টেশন পর্যন্ত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এটি বাস্তবায়িত হবে। গাজীপুর থেকে শুরু হওয়া বিআরটি লাইনটির মাধ্যমে প্রায় ১০ লাখ লোককে পরিবহনসেবা দেওয়া যাবে এবং প্রতিদিন প্রায় এক লাখ ৭০ হাজার যাত্রী এই লাইনটি যাতায়াতের জন্য ব্যবহার করবে। বিআরটির দুটি রুটই এয়ারপোর্ট টার্মিনালে মিলিত হবে।ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আফতাবউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক এবং বিশ্বব্যাংকের কেস প্রজেক্টের টাস্ক টিম লিডার মারিয়া সরাফ। এতে আরও বক্তব্য দেন ডিটিসিএর কেস প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে প্রকল্পের প্রবন্ধ উপস্থাপন করেন পরামর্শক দলনেতা এরনেস্টো মাতা।