বিআরটিএ ফেলো কড়ি মাখো তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এইহানে টাকা ছাড়া কোনো কিছুই হয় না।’ চা-বিস্কুটের এক দোকানদার বলছিলেন কথাটি। বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মিরপুর কার্যালয়ের সামনে তাঁর চায়ের দোকানে ভিড় করে থাকা খরিদ্দারেরাও সে কথায় সায় দিলেন। এঁদের সবাই কোনো না কোনো কাজে বিআরটিএতে এসেছেন। দোকানে চায়ের বিল দিতে দিতে শিপলু নামের একজন বললেন, ‘২০০৮ সালে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি। এত দিন ধরে আজ না কাল, কাল না পরশু, পরের ডেটে আসেন—এভাবে দিনের পর দিন ঘোরাচ্ছে। পরে আজকে এসে দেখি, আমার ফরমই হারিয়ে ফেলেছে। অনেক কষ্টে ফরম খুঁজে পাওয়ার পর অজুহাত দেখাল, আমার টিপসই নাকি ঠিকমতো পড়েনি।’ শিপলুর কথা শুনতে শুনতে পাশ থেকে আরেকজন বলে উঠলেন, ‘টিপসই-ঠিপসই কিছুই না, আপনি কিছু টাকা ধরাই দেন, তাইলেই দেখবেন সব ক্লিয়ার হইয়্যা গেছে।’যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, গাড়ির ফিটনেস, ট্যাক্স সনদ দেওয়াসহ যানবাহনসংক্রান্ত অনেক কাজ হয় বিআরটিএ কার্যালয়ে। ভোর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কাজ করতে আসা মানুষের ভিড় লেগেই থাকে এখানে। ইদানীং নগরের রাস্তায় ডিএমপির ট্রাফিক বিভাগের তত্পরতা বেড়েছে। তাই গাড়ির কাগজপত্র হালনাগাদ করতে অথবা বৈধ কাগজপত্র করতে অনেকেই ছুটছেন বিআরটিএতে। গাড়ির মালিক থেকে শুরু করে লোকাল বাসের চালক-হেলপার, অফিসের বড়কর্তা, দালাল আর হলুদ জ্যাকেট পরা কর্মীতে ভরপুর বিআরটিএর আঙিনা। হলুদ জ্যাকেট পরা এক ব্যক্তি বলছিলেন, বিআরটিএতে যাঁরা হলুদ পোশাক পরে থাকেন, তাঁরা কেউই এখানকার কর্মচারী নন। প্রত্যেকেই একেকজন কর্মকর্তার সহকারী হিসেবে কাজ করেন। কর্তৃপক্ষের কাজে সহায়তা করাই তাঁদের প্রধান কাজ। আর কেউ ‘রিকোয়েস্ট’ করলে তাঁদের কাজে একটু-আধটু সাহায্যও তাঁরা করে থাকেন বলে জানালেন তিনি।তাঁরা আসলেই কতখানি সাহায্যকারী, তার প্রমাণ পাওয়া গেল দ্রুত। উত্তরা থেকে মধ্যবয়সী এক ভদ্রলোক এসেছিলেন ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বাড়াতে। তিনি এসেছেন দুপুরের পর। পোস্ট অফিসে টাকা জমা দিয়ে একটা ফরম তুলতে হবে তাঁকে। তিনি হলুদ জ্যাকেটধারীর কাছে পরামর্শ চাইলে সেই লোক তাঁকে বলেন, ‘আপনি এক কাজ করেন, আমাকে ৫০০ টাকা দেন, আমি আপনার কাজ করে দিচ্ছি। যতক্ষণ কাজ করব, ততক্ষণ আপনিও আমার সঙ্গেই থাকবেন। আর যদি আপনি আমাকে “ট্রাস্ট” করেন, তাহলে আপনার লাইসেন্সের ফটোকপি দিয়ে যান। পরে আমি আপনার বাসায় গিয়ে নতুন লাইসেন্স দিয়ে আসব। তখন আপনি আমাকে খুশি করে দিয়েন।’তাঁদের কথোপকথনের মধ্যে আরেকজন এসে উপস্থিত হন। তাঁর গায়ে যদিও হলুদ পোশাক নেই। তবে তাঁর আচরণে মনে হলো, তিনিও বিআরটিএর বিষয়ে কম জানেন না। ‘আঙ্কেল, আপনি আমার কাছে দেন, আমি আধাঘণ্টার মধ্যে আপনার কাজ করে দিচ্ছি।’ এতক্ষণে বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে ফেলেছেন ভদ্রলোকটি। তিনি বেশ কাতর সুরে বললেন, ‘বাবা, আমাকে অফিসের ভেতরে ঢোকার রাস্তাটি দেখিয়ে দাও, তাইলেই হবে।’বিআরটিএ ভবনের ২১ নম্বর কাউন্টারের সামনে অনেকক্ষণ ধরেই কিছু লোক লাইনে দাঁড়িয়ে ছিলেন। গাড়ির ফিটনেস ও ট্যাক্স লেবেল সরবরাহ করা হয় এখান থেকে। সকালে যাঁরা গাড়ির ‘স্বাস্থ্য’ পরীক্ষা করানোর জন্য এসেছেন, তাঁরা এখান থেকে গাড়ির ফিটনেস সনদ জোগাড় করবেন। কিন্তু অনেকক্ষণ ধরে যাঁরা লাইনে দাঁড়িয়ে আছেন, তাঁদের অনেক পরে এসে কেউ কেউ ‘এন্ট্রি ফি’ দিয়ে আগে কাজ সেরে চলে যাচ্ছেন। এন্ট্রি ফির বিষয়টি বোঝার জন্য লোহার বেড়ার পাশে দাঁড়াতেই দেখা গেল, মিরপুর-২ নম্বরের চিড়িয়াখানার বানরের খাঁচার মতো ঘেরা এলাকা। তার মধ্যে বসে কাজ করছেন বিআরটিএর কর্মীরা। আর রেলিংয়ের পাশে উত্সুক দর্শকের মতো ভিড় করে আছেন গাড়ি ও মোটরসাইকেলের মালিকেরা। এন্ট্রি ফির ব্যাপারটি বোঝাচ্ছিলেন বেড়ার ওপাশে থাকা হলুদ পোশাকের একজন কর্মী। তিনি একজনকে বলছিলেন, ‘এখান থেকে কাগজ নেওয়ার পর আপনার আরও দুই জায়গায় লাইনে দাঁড়াতে হবে। তবে আপনি যদি দুই রুমে ঢোকার জন্য ২০০ টাকা এন্ট্রি ফি দেন, তাহলে লাইনে না দাঁড়ালেও চলবে।’ঢাকার বিভিন্ন এলাকা থেকেই নয়, দেশের অন্যান্য জেলার মানুষও এখানে আসেন। গাজীপুর থেকে তারা মিয়া এসেছিলেন লাইসেন্স নবায়ন করাতে। আট নম্বর কাউন্টার বেলা দুইটা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও তিনি একটার সময় এসেও কাউকে পাচ্ছিলেন না। লোহার রেলিং ধরে দাঁড়িয়ে তিনি বললেন, ‘আমি সেই গাজীপুর থেইক্যা আসছি, এখন আইজকা যদি না হয়, তাইলে আবার আরেক দিন আসতে হবে।’বিআরটিএতে কোনো কাজে এলে একটা দিনই মাটি হয়ে যায় বলেও জানালেন অনেকে। খুব সকালে গাড়ির ফিটনেস সনদ নেওয়ার জন্য এসেছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা অভি। সারা দিন দৌড়াদৌড়ির পর বহু ঝক্কিঝামেলা পেরিয়ে তাঁর কাজ শেষ হয়েছে। তাঁর মতো অনেককেই দেখা গেল সকাল থেকে বিকেল পর্যন্ত গাড়ির ফিটনেস নবায়ন করার জন্য দাঁড়িয়ে থাকতে।শরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলছিলেন, ‘আমার ড্রাইভিং লাইসেন্সের কাগজ জমা দিয়েছি ২০০৯ সালের আগস্ট মাসের ২ তারিখ। ডেলিভারি ডেট লেখা ছিল ২০০৯-এর ডিসেম্বরের ২১ তারিখ, পরে ওই দিন এলে আবার নতুন ডেট দেওয়া হয় ২০১০ সালের ২ জানুয়ারি। কিন্তু সেদিন আসার পরও কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমাকে আবার আসতে বলা হয়।’ তাঁর এ কথা শুনে পাশের এক ব্যক্তি বলছিলেন, ‘আরে ভাই, এইটা হইল এদের টাকা খাওয়ার ধান্দা। আপনার কাজ আসলে হয়ে গেছে, এখন আপনাকে সরাসরি টাকা দিতে বলছে না, বারবার ঘোরাচ্ছে, যাতে একসময় আপনি নিজেই অধৈর্য হয়ে টাকা সাধেন।’বিআরটিএ ভবনে ঢোকার মুখেই রয়েছে সারবাঁধা দোকান। পান-বিড়ির এসব দোকানে আবার বিভিন্ন ফরমও পাওয়া যায়। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ফরম, গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আবেদন ফরম প্রভৃতি মেলে এখানে। কিন্তু এক পাতার এ ফরমটি ফটোকপি করতে লাগে মাত্র এক টাকা। অথচ তা বিক্রি হচ্ছে প্রতিটি পাঁচ টাকা করে। তার পাশেই রয়েছে কম্পিউটারে ফরম পূরণ করার দোকান। এ দোকানে থাকা এক ব্যক্তির কাছে ফরম দিয়ে নাম-ঠিকানা বললেই তা পূরণ করে দেন। ফরম পূরণের ফাঁকে আবার সুযোগ পেলে ঝোপ বুঝে কোপও মারেন তাঁরা। বিআরটিএর গেটের সামনে ৫০ টাকা ও ১০০ টাকার স্ট্যাম্প নিয়ে বসে থাকেন কয়েকজন। গাড়ির মালিকানা বদল করার সময় দরকার পড়ে এ স্ট্যাম্প। ক্ষেত্র বিশেষে স্ট্যাম্প-বিক্রেতাই আবার গাড়ি বেচাকেনার প্রধান ব্রোকার হিসেবেও কাজ করে থাকেন।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় গাড়ির নিবন্ধন করানো একজন মালিক বলছিলেন, ‘আমি যখন গাড়ি রেজিস্ট্রেশন করাই, তখন আমার কোনো ধরনের বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু এবার দিনবদলের সরকারের সময় এসে প্রত্যেককেই সরকার-নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা জমা দিতে হচ্ছে।’ সারা দিন ধরে বিআরটিএতে ঘোরাঘুরির সময় দৈবচয়নের ভিত্তিতে ৩০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের ২৪ জনকেই সরকার-নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা দিতে হয়েছে। যদিও বিআরটিএতে কোনো নগদ টাকার লেনদেন হওয়ার কথা নয়। সব টাকাই জমা দিতে হয় ব্যাংক ড্রাফটের মাধ্যমে। শুধু বিআরটিএর মাঠে ঘুরে বেড়ানো ‘ব্রোকার’ আর হলুদ পোশাকধারীদের কাছেই দিতে হয়েছে এ টাকা। বাকি ছয়জন সরকারি ফি দিয়েই কাজ সারতে পেরেছেন। এঁদের মধ্যে আবার দুজনের ‘মামার জোর’ ছিল অনেক বেশি। বিআরটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো কি জানে না?