বিআরটিএর নির্বাচিত ১৫০৭ আবেদনের ১৪৩০টিই ভুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো মিশুকের পরিবর্তে সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক হাজার ৫০৭টি আবেদনের একটি নির্বাচিত তালিকা করেছে। কিন্তু এর মধ্যে বৈধ আবেদনকারী মাত্র ৭৭ জন। বাকি এক হাজার ৪৩০টি আবেদনই ভুয়া।বাছাই কমিটি সূত্রে জানা গেছে, বিআরটিএর বৈধ তালিকায় সর্বাধিক ১৫৭টি আবেদনই করেন ঢাকা মহানগর সিএনজিচালিত অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এই সংগঠনের সভাপতি বরকত উল্লাহ ২০টি এবং সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ৪৪টি আবেদন করেন। সংগঠনের সহসভাপতি আবদুল খালেক করেন ২৮টি।জানতে চাইলে বরকত উল্লাহ প্রথম আলোর কাছে দাবি করেন, বিভিন্ন লোকের কাছ থেকে মিশুক কিনে তিনি মালিক হয়েছেন। অধিকাংশ হলফনামাই মালিকের জাল ও পেছনের তারিখে সই করা বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সবকিছুতেই জাল-জালিয়াতি হচ্ছে। কোনো কিছুই ভেজালমুক্ত নয়। এখানেও কিছু সমস্যা থাকতে পারে।’এর বাইরে আলী আজহারের ৮৮টি, আলমগীর হোসেনের ২৯টি ও জাহাঙ্গীর আলমের ১৩টি আবেদন বিআরটিএর বৈধতা পেয়েছে। তাঁদের সবার কমলাপুর, মালিবাগ রেলগেটসহ বিভিন্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশার শোরুম রয়েছে বলে জানা গেছে। বাজাজ অটোরিকশার বাংলাদেশি সরবরাহকারী উত্তরা মোটর থেকে অটোরিকশা কিনে সেগুলো বিক্রি করা হয় এসব শোরুমে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব শোরুম থেকে নিবন্ধন নম্বরসহ একটি অটোরিকশা ১০ থেকে ১১ লাখ টাকায় পাইয়ে দেওয়ার জন্য বুকিং নেওয়া হচ্ছে। বিআরটিএর সংক্ষিপ্ত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ১০ থেকে ১৫০টি পর্যন্ত আবেদনকারীর অনেকেই দেখিয়েছেন, ২০০১ থেকে ২০০২ সালের মধ্যে তাঁরা প্রকৃত মালিকের কাছ থেকে মিশুক কিনেছেন। তবে যেসব স্ট্যাম্পে তাঁরা হলফনামা দিয়েছেন, সেগুলো ২০১২ সালে কেনা। অধিকাংশ সত্যায়নপত্রেই বিক্রেতার সই জাল ও পেছনের তারিখে করা বলে বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন। কিন্তু মালিক-শ্রমিকনেতাদের চাপে এবং অসাধু কর্মকর্তাদের ঘুষ-বাণিজ্যের কারণে এই অনিয়ম চলছে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের মহাসচিব মোখলেছুর রহমান নতুন অটোরিকশা বরাদ্দের জন্য দীর্ঘদিন ধরেই সরকারের সঙ্গে দেনদরবার করছেন। তবে, বিআরটিএর করা তালিকায় মোখলেছের একটি আবেদন পাওয়া গেছে। ওসমান আলীর কোনো আবেদন নেই।২০০৩ সালে বেবিট্যাক্সির পরিবর্তে সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দে ব্যাপক অনিয়ম হয়। এ ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাভোগও করেন এই খাতের মালিক ও শ্রমিক সমিতির একাধিক নেতা। এবারের অটোরিকশা বরাদ্দ-প্রক্রিয়ায়ও তাঁদের কয়েকজন যুক্ত আছেন।বিআরটিএর মিশুকের পরিবর্তে সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বসবাসকারী মিশুকের প্রকৃত মালিকদের মধ্যেই সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দ করা হবে। প্রকৃত মালিক বলতে বিআরটিএতে রক্ষিত মূল নথিতে যাঁর নাম রয়েছে (ব্লু-বুকের নাম), তাঁরই আবেদন করার কথা।প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, বিআরটিএ যে এক হাজার ৫০৭টি আবেদন নির্বাচিত করেছে, সেখানে ব্লু-বুক অনুযায়ী প্রকৃত মালিক রয়েছেন মাত্র ৭৭ জন। বাকি এক হাজার ৪৩০টি আবেদনের বেশির ভাগই করেছেন শ্রমিক সংগঠনের নেতারা কিংবা বর্তমানে ঢাকায় চলাচলরত অটোরিকশার মালিকেরা।বিআরটিএর কর্মকর্তা ও অটোরিকশার একাধিক মালিক জানান, সরকার মিশুকের পরিবর্তে অটোরিকশা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর মালিক-শ্রমিকনেতারা ঢাকার বাইরে থেকে মেয়াদোত্তীর্ণ মিশুক কিনে জমা করেন। মালিকানা প্রমাণ করার জন্য স্ট্যাম্পে প্রকৃত মালিকের সই জাল করে বসিয়ে হলফনামা (অ্যাফিডেভিট) করে তা বিআরটিএতে জমা দেওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অটোরিকশা বরাদ্দ পেলে তা বিক্রি করা হবে—এই আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। রাজধানীর ভাটারা, সিপাহীবাগ, মোহাম্মদপুর, খিলগাঁও এলাকায় পুরোনো মিশুক জমা করা এবং সে অনুযায়ী বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।বিআরটিএর নথিপত্র থেকে জানা গেছে, পুরোনো মিশুকগুলোর মেয়াদ দুই থেকে ১৬ বছর আগে শেষ হয়ে গেছে। মাত্র ১৭৭টির মেয়াদ এখনো আছে এবং এগুলো ঢাকায় রয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নয় বছরের পুরোনো মিশুক ঢাকার বাইরে চলে গেছে। কিন্তু বিজ্ঞপ্তি দেওয়ার পর দুই হাজার ২৭০টি আবেদন জমা পড়ে বিআরটিএতে। একই মিশুকের বিপরীতে একাধিক আবেদন পড়ায় বাদ যায় ৪৪২টি। অসম্পূর্ণ আবেদন বাদ পড়ে ৩২১টি। জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, এখন প্রাথমিক তালিকা হয়েছে। এই তালিকাও যাচাই-বাছাই হবে। এর পরই প্রকৃত মালিকদের অটোরিকশা বরাদ্দ দেওয়া হবে।