বিআরটিসির নতুন ৮০টি বাস রাজধানীতে
যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) শিগগিরই কোরিয়ায় তৈরি আরও ৮০টি নতুন বাস রাজধানীর বিভিন্ন সড়কে নামাচ্ছে।আজ বৃহস্পতিবার গাজীপুরের নগপাড়া এলাকায় বিআরটিসির প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বাসগুলোর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিআরটিসি বাসের যাত্রীদের প্রথম দুই কিলোমিটার পাঁচ টাকা এবং পরের প্রতি কিলোমিটার দুই টাকা হারে ভাড়া দিতে হবে।অনুষ্ঠান শেষে বিআরটিসির ব্যবস্থাপক প্রকৌশলী কাজী শফিক উদ্দিন প্রথম আলোকে জানান, রাজধানীর পাশের জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জে বিআরটিসির কমিউটার সার্ভিস চালুর চেষ্টা রয়েছে। এক প্রশ্নের উত্তরে কাজী শফিক উদ্দিন জানান, অগ্রাধিকার ভিত্তিতে রাজধানীর আজিমপুর থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত শীতাতপ-নিয়ন্ত্রিত বাস চলবে।যোগাযোগসচিব মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত তাই ইয়ং চু, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।