কয়েক দিন আগের কথা। সকাল সাড়ে ১০টা। আকাশে বৃষ্টি নেই, কড়া রোদ। মিরপুর ১২ নম্বর সেকশন থেকে শাহবাগ যাওয়ার জন্য বিআরটিসি বাসের টিকিট কাউন্টারে যাচ্ছিলাম। এরই মধ্যে চালক বাস ছেড়ে দিয়েছেন। আমি থামার জন্য ইশারা করলে আমাকে উল্টো ইশারা করে টিকিট না কেটেই বাসে উঠতে বলেন। কোনো উপায় না দেখে আমি তা-ই করলাম।আমাকে দাঁড় করিয়ে চালক টাকা চাইলে জিজ্ঞেস করি, ‘ভাড়া কত?’ চালক বলেন, ‘শাহবাগ ১৬ টাকা।’ আমি বললাম, ‘যেহেতু টিকিট করিনি, তা ছাড়া আমি ছাত্র, তাই ১০ টাকা রাখেন।’ তাঁকে ৫০ টাকার একটি নোট দিলাম। ভাংতি নেই বলে আমাকে আসনে বসতে বললেন চালক। আমি আসনে বসি। তারপর দেখি, চালক কাউন্টারের চেয়ে নন-কাউন্টার (টিকিট ছাড়া) যাত্রীই বেশি তুলেছেন। তারপর সবার কাছ থেকে ভাড়া আদায় করছেন। অথচ শত শত যাত্রী রোদে পুড়ে কাউন্টারে দাঁড়িয়ে। সেদিকে চালকের ভ্রূক্ষেপ নেই। আবার কাউন্টারের যাত্রীদের সামনের দরজা দিয়ে বেশি ঢুকতে দেওয়া হয় না, যেন সামনের দিকটি একটু ফাঁকা থাকে। এতে পথে যাত্রী তুলতে পারবেন। বাস শাহবাগ এলে আমি চালকের কাছে টাকা চাই। আমাকে আগে থেকে গোছানো ২৬ টাকা দিয়ে চালক বলেন, ‘আর ভাংতি নেই।’ অর্থাৎ তিনি যা চেয়েছেন, তার চেয়েও বেশি রাখছেন। আমি প্রতিবাদ করলে অন্য যাত্রীরাও একসঙ্গে সোচ্চার হন, ফলে তিনি পকেট থেকে একগাদা টাকা বের করে আমাকে বাকি টাকা দেন। বাসে ওয়্যারলেস হাতে একজন অফিসার আমাকে ধমক দিয়ে নামতে বলেন। তিনি অনেকক্ষণ ধরে চালকের সঙ্গে হাসি-রসিকতা করছিলেন। আমি তাঁকে বললাম, আপনার সামনে তিনি এ ধরনের ঘটনা ঘটালেন, তাঁকে কিছু না বলে উল্টো আমাকে ধমক দিলেন। বাসের যাত্রীরা এর প্রতিবাদ করেন। অথচ এই বাস কেনা হয় জনগণের করের টাকায়। হায়রে বিআরটিসির সেবা!মো. ইসমাইল হোসেনহিসাববিজ্ঞান বিভাগসরকারি তিতুমীর কলেজ, ঢাকা।উপমহাব্যবস্থাপক যা বলেনবিআরটিসি বাসে টিকিট ছাড়া যাত্রী ওঠানোর বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উপমহাব্যবস্থাপক (অপারেশন) মেজর কাজী শফিকুল ইসলাম বলেন, ‘এ ধরনের অভিযোগ আমাদের কানে এর আগেও এসেছে। এ বিষয়টি তদারকির জন্য তিনটি টিম রয়েছে। তারা প্রতি সপ্তাহে অভিযান চালাচ্ছে, অভিযানে বিষয়টি ধরা পড়লে আমরা অর্থদণ্ডসহ তিন ধরনের দণ্ড দিচ্ছি। এ ছাড়া যাত্রীদের উচিত টিকিট কেটে গাড়িতে ওঠা। যদি কোথাও দেখা যায় টিকিট ছাড়া যাত্রী ওঠানো হচ্ছে, আমাদের জানালে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব।’