বিআরটিসির বাসসেবা সংকুচিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বাসমালিকদের চাপে গত ১০ বছরে অন্তত ৪৩টি রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সংস্থাটির বাস এখন সেবা ও প্রতিযোগিতার বদলে রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বহনের ‘স্টাফ বাস’ হিসেবে ব্যবহূত হচ্ছে। সরকারের স্থল পরিবহন নীতিতে বিআরটিসি সম্পর্কে বলা হয়েছে, এটি বেসরকারি বাসমালিকদের জন্য সেবার মানদণ্ড ঠিক করে দেবে। অথচ গত ১০ বছরে সরকারের নানা অংশের যোগসাজশে প্রতিষ্ঠানটির এই সেবা সংকুচিত করা হয়েছে। ২০০০ সালেও বিআরটিসি সারা দেশে ১৯৩টি রুটে যাত্রীবাহী বাস চালাত। বেসরকারি বাসমালিক-শ্রমিকদের বিরোধিতার কারণে এখন মাত্র দেড় শ রুট চালু আছে। বাস চলাচল করে সাকল্যে ৪১৫টি। এসব বাসের একটা বড় অংশ রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাস হিসেবে চলছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঢাকা-নরসিংদী রুটে ছয়টি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আগে এ রুটে ১০টি বাস চলত। চট্টগ্রাম-রাঙামাটি রুটে নয়টি বাস চলত, এখন চলছে ছয়টি। ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া বাস চলাচলও বন্ধ। বিআরটিসি সূত্র জানায়, খুলনা-রায়েন্দা, খুলনা-বরিশাল ও খুলনা-আমুয়া রুটে বিআরটিসির নিজস্ব ব্যবস্থাপনায় চলাচল করা অন্তত ৪০টি বাস বন্ধের হুমকি দিচ্ছেন স্থানীয় বেসরকারি বাসমালিক-শ্রমিকেরা। নিজেরা একচেটিয়া ব্যবসা করতে যাত্রীদের জিম্মি করে তাঁরা কয়েক দফা ধর্মঘটও করেছেন। ২০০৪ সালে তৎকালীন যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বেসরকারি বাসমালিকদের সঙ্গে চুক্তি করে ঢাকার বাইরে চলাচলরত ১০০ বাস তুলে নেন। ওই সময় বিআরটিসির সবচেয়ে জনপ্রিয় ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-টঙ্গী বাস সেবাও বন্ধ হয়ে যায়। ১৯৬১ সালের অধ্যাদেশ অনুযায়ী বিআরটিসি কোনো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই যেকোনো রুটে নিজস্ব ব্যবস্থাপনায় বা ইজারায় বাস চালু করতে পারে। কিন্তু বেসরকারি বাসমালিক-শ্রমিকদের কাছে নতি শিকার করে বিআরটিসি নতুন রুট চালু না করে পুরোনো রুট গুটিয়ে ফেলছে।প্রাপ্ত তথ্যে জানা গেছে, জনপ্রিয় রুটগুলোতে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর বিআরটিসি তাদের পরিচালিত ৪১৫টি বাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সচিবালয়, সুপ্রিম কোর্টসহ বেশ কিছু প্রতিষ্ঠানে ১০০টি বাস স্টাফ বাস হিসেবে চালাচ্ছে। যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান এ ব্যাপারে বলেন, বিআরটিসির বাস বাধাহীনভাবে পরিচালনার জন্য মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে। এরপরও সমস্যা হলে প্রয়োজনে পুলিশ দিয়ে বাস চালানো হবে। পুরোনো বাস: ভলভো দ্বিতলসহ বিআরটিসির অন্তত দেড় শ বাস অকেজো হয়ে পড়ে আছে। অর্থের অভাবে সেগুলো মেরামতও করা যাচ্ছে না। মতিঝিল থেকে মিরপুর ও টঙ্গী পথে বিআরটিসির ৫০টি ভলভো বাস চলাচল করত। বিআরটিসির কর্মকর্তারা জানান, এই রুটগুলো খুব জনপ্রিয় ছিল।২০০১ সালে চালু হওয়ার পর প্রথম দিকে ৫০টি ভলভো বাসে দৈনিক সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় হয়েছে। ১০ মিনিট পরপর বাস ছাড়া হতো স্ট্যান্ড থেকে। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বাসের জন্য অপেক্ষা করতে হতো না। কিন্তু বর্তমানে বাসের সংখ্যা কমে যাওয়ায় ট্রিপও কমে গেছে। এই সুযোগ পুরোটা কাজে লাগাচ্ছে বেসরকারি বাস কোম্পানিগুলো। বিআরটিসির অকেজো বাসের মধ্যে অশোক লেল্যান্ড দ্বিতল বাস, টাটা কামিনস এবং চীনের তৈরি বাসও রয়েছে। অকেজো বাসগুলোর মধ্যে চীনের তৈরি বাসগুলো প্রগতির মাধ্যমে ২০০৬ সালে কেনা হয়েছিল। এ ছাড়া ২০০৪ সালে কেনা কিছু বাসও অকেজো হয়ে পড়েছে। অকেজো ৩৫টি বাস ইতিমধ্যে বিক্রি করে দেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছে বিআরটিসি। পর্যায়ক্রমে ১০০টি বাস বিক্রি করে দেওয়া হবে বলে জানা গেছে। সরেজমিনে বিআরটিসির মতিঝিল, জোয়ারসাহারা ও মিরপুর ডিপোতে গিয়ে দেখা গেছে, অযত্ন-অবহেলায় অকেজো বাসগুলোয় ধুলো-ময়লার অস্তর পড়েছে। পুরোনো বাস মেরামত না করলেও বিআরটিসি রাজধানীতে চালানোর জন্য চীন থেকে সিএনজিচালিত ১০০ নতুন বাস এনেছে। এসব বাসের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিআরটিসির পরিচালক (টেকনিক্যাল) কর্নেল আকতার কামাল প্রথম আলোকে বলেন, পুরোনো বাস মেরামতে যে ব্যয় হয়, তা বাস পরিচালনা করে উঠিয়ে আনা যাচ্ছে না। তাই কিছু পুরোনো বাস বিক্রি করে দেওয়া হবে। পাশাপাশি ঢাকার গণপরিবহনব্যবস্থার মানোন্নয়নে নতুন বাস নামানো হচ্ছে।