বিআরটিসির বাসে চড়তে মানা
বাসে চেপে নিয়মিত কর্মস্থলে যেতে নগরবাসী বিপদেই পড়ে গিয়েছিলেন গত ১০ মার্চ। সেদিন নগরের কাউন্টারভিত্তিক বাসগুলোর মালিকেরা ধর্মঘট ডেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন। তাই বিকল্প উপায়ে দুর্ভোগ সয়ে কর্মস্থলে পৌঁছেছেন নাগরিকেরা। সেদিন দুর্ভোগ পোহানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মারিয়া ইশরাত বলেন, ‘আজ যদি বিআরটিসির বাস সার্ভিস থাকত, তাহলে নিশ্চয়ই আমাদের এই টিকিট কাউন্টারভিত্তিক বাসগুলোর জন্য চেয়ে থাকতে হতো না। বিআরটিসির দায়িত্বহীনতা আর অবহেলার সুযোগটাই কাজে লাগাচ্ছে ব্যক্তিমালিকানধীন বাস কোম্পানিগুলো।’খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিএ) যেসব বাস ঢাকার বিভিন্ন রুটে চলাচল করেন, এর বেশির ভাগই আসলে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি কোম্পানির কর্মকর্তা-কর্মচারী-সভ্যদের কাজে এলেও জনসাধারণের উপকারে আসছে না বিআরটিসির বাসগুলো। ফলে ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলোর হাতে একরকম জিম্মিই হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা।বিআরটিসি সূত্রে জানা যায়, বর্তমানে ৪২০টি বাসের মধ্যে বিআরটিসির নিজস্ব পরিচালনায় ৩১টি রুটে চলে ১৪৬টি বাস। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ১৪৬টি বাসের মধ্যে বেশ কিছু আবার মাওয়া, নারায়ণগঞ্জসহ ঢাকার বাইরের যাত্রী পরিবহনের কাজে ব্যবহূত হয়। শুধু ঢাকাবাসীর জন্য ঢাকার বিভিন্ন রুটে চলাচল করা বাসের সংখ্যা এখনো এক শর কাছাকাছি বলে জানা যায়। কিন্তু এই অল্পসংখ্যক বাসের আবার অধিকাংশই বিভিন্ন প্রতিষ্ঠানের যাত্রী পরিবহনের জন্য দেওয়া হয়েছে। বিআরটিএর জেনারেল ম্যনেজার (মেকানিক্যাল) মেজর কাজী শফিকউদ্দীন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, শিক্ষা বোর্ডসহ নগরের বেশ কিছু প্রতিষ্ঠান বিআরটিএর বাস ব্যবহার করে। তাঁর কাছ থেকে পাওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে ঢাকার ১২টি প্রতিষ্ঠানে তাঁদের ৮৩টি বাস রয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬টি, সচিবালয়ের ১০টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরর কাছে আছে আটটি।রামপুরা বনশ্রীর এক বাসিন্দা বলছিলেন, ‘রামপুরা থেকে সরাসরি শাহবাগ যাওয়ার একমাত্র বাস হলো ফাল্গুন। কিন্তু ফাল্গুনের যা অবস্থা, একে কোনোভাবেই টিকিট কাউন্টারভিত্তিক বাস বলা চলে না। কারণ, লোকাল বাসের চেয়েও বেশি ভিড় আর ঠাসাঠাসি করে ফাল্গুনে চড়তে হয় আমাদের। এ রুটে বিআরটিসির বাস থাকলে আমাদের এত দুর্ভোগে পড়তে হতো না।’ প্রায় একই অভিযোগ শোনা গেল মেগাসিটি, সিটি বাস, শতাব্দী, রাজধানী প্রভৃতি বাস কোম্পানি সম্পর্কে।নগরের বাসিন্দাদের উন্নত মানের সেবা দেওয়ার জন্য বিআরটিসি এ বছরের এপ্রিল মাসের মধ্যেই নতুন ১০০টি সিএনজিচালিত বাস নিয়ে আসছে বলে জানলেন প্রতিষ্ঠানটির পরিচালক (মেকানিক্যাল) কর্নেল আখতার কামাল। তিনি জানান, এ মাসের মাঝমাঝি প্রথম দফায় ৫০টি বাস চলে আসবে। পরে আরও ২৫টি করে দুই দফায় ৫০টি বাস আনা হবে। সিএনজিচালিত বাসগুলোকে নগরের বেশ কয়েকটি রুটে চালানো হবে বলে জানান তিনি। কিন্তু নতুন এই ১০০টি সিএনজিচালিত বাসের মধ্য থেকেও বেশ কিছু বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন।