বিআরটিসির রুট বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল পাঁচটা বেজে ১০ মিনিট। অফিসপাড়া মতিঝিল। বাস কাউন্টারগুলোর রমরমা সময়। দেদার চলছে টিকিট কেনা-বেচা। কাউন্টারের সামনে বেশ লম্বা সারি। টিকিট কেটে যাত্রীরা দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়। অন্যান্য পরিবহনের মতোই বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) টিকিট কাউন্টারের সামনেও বেশ লম্বা সারি চোখে পড়ে। মতিঝিলের এই স্টপেজ থেকে একসময় নগরের পাঁচ-ছয়টি রুটে বিআরটিসির বাস ছেড়ে যেত। এই সংখ্যা কমতে কমতে মাত্র একটি রুটে এসে নেমেছিল। পরবর্তী সময়ে এ মাসে আরও দুটি রুটে বিআরটিসির বাস নামানোর ফলে যাত্রীরা এখন তিনটি রুটে ভ্রমণ করতে পারছে। কিছুদিনের মধ্যে চালু হবে বিআরটিসির আরও দুটি নতুন রুট। এ ছাড়া নগরবাসীর জন্য বিআরটিসির ২০০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস আসছে বলে জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।বর্তমানে নগরে চলমান বিআরটিসির তিনটি রুটের মধ্যে কেবল মতিঝিল-মিরপুর-১২ রুটটিই অপেক্ষাকৃত পুরোনো। অধিকাংশ ভলভো বাস নষ্ট হয়ে পড়ে থাকায় অশোক লেল্যান্ড কোম্পানির প্রায় ৩০টি দ্বিতল বাস এই রুটে চলছে বলে বিআরটিসির সূত্র জানায়। নরডিক ডেভেলপমেন্ট ফান্ডের (এনডিএফ) ঋণের আওতায় বিআরটিসির ১০০টি সিএনজিচালিত বাস আসার পর এ মাসের শুরুতেই চালু করা হয়েছে মতিঝিল-আব্দুল্লাহপুর রুটটি। নতুন এই রুট চালুর দিন বিশেক পর চালু করা হয়েছে সায়েদাবাদ-মতিঝিল-বালুঘাট রুট। নতুন চালু হওয়া এই দুটি রুটই আবার ফার্মগেট হয়ে যাচ্ছে। ফলে যাঁরা ফার্মগেট হয়ে আসা-যাওয়া করেন, তাঁদের কিছুটা সুবিধা হলেও নগরের অন্য রাস্তা ব্যবহারকারীদের ঠিক আগের মতোই লোকাল বাসে ঝুলতে হবে। তবে আশার কথা, কয়েক দিনের মধ্যেই নগরের আরও দুটি রুটে নামবে বিআরটিসির বাস। আব্দুল্লাহপুর থেকে চিটাগাং রোড ভায়া বাড্ডা এবং মোহাম্মদপুর থেকে খিলগাঁও তালতলা ভায়া সায়েন্সল্যাব—এই দুটি রুটে নামানো হবে বিআরটিসির নতুন কেনা বাকি বাসগুলো।‘একটা সময় ঢাকার রাস্তায় সবচেয়ে বেশি চলত বিআরটিসির বাস। সে সময় টঙ্গী ব্রিজ থেকে মতিঝিল পর্যন্ত বিআরটিসির বাস চলত। আর এদিকে গাবতলী থেকে শুরু করে ফার্মগেট, সায়েন্সল্যাব—শহরে প্রায় সব জায়গায়ই বিআরটিসির বাস চলত।’ ১৯৭৮ সালের কথা বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিসির এক বর্ষীয়ান কর্মকর্তা। সে সময় নগরের পথে সবচেয়ে বেশি দেখা যেত বিআরটিসির বাস। শুধু তা-ই নয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবী, ব্যবসায়ী—সব শ্রেণী-পেশার মানুষই বিআরটিসির বাসে চলাফেরা করতেন। আর এখন নগরের রাজপথে বিআরটিসির চলমান বাসগুলোর অধিকাংশই বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের কাজে ব্যবহূত হচ্ছে। এর ফলে সরকারি প্রতিষ্ঠানের এসব কর্মকর্তা-কর্মচারী নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন বিআরটিসির বাসে।২০০৪ সালে ঢাকায় পড়তে আসা এক যুবক জানান, গাবতলীতে নামার পর প্রথমেই তিনি বিআরটিসির বাসে উঠেছিলেন। বিআরটিসির দোতলা বাসে চড়েই প্রথম এই রাজধানী শহর দেখার সুযোগ হয়েছিল তাঁর। কিন্তু বছর দুয়েক হলো গাবতলী থেকে গুলিস্তানের এই রুটটি বন্ধ রয়েছে। বন্ধ হয়েছে একসময় চালু থাকা মিরপুর-১ থেকে মতিঝিল আসা বিআরটিসির রুটটিও। এ ছাড়া বাংলামোটর, মগবাজার ও মৌচাক হয়ে একটা সময় বিআরটিসির বাস চলাচল করলেও এখন আর ওই পথে খুঁজে পাওয়া যাচ্ছে না বিআরটিসির বাস।তবে রুট বন্ধ থাকলেও মাঝেমধ্যে বিআরটিসির দোতলা বাসগুলো নগরের বেশ কয়েকটি রাস্তায় চলতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, এগুলোর প্রতিটিই বিআরটিসির স্টাফ বাস। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রী নামানোর পর তারা ফিরতি পথে ‘খ্যাপ মারে’। নগরবাসীর ব্যবহারের জন্য ভারত থেকে ২০০টি এসি বাস আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান বিআরটিসির চেয়ারম্যান মেজর (অব.) এম এম ইকবাল। এ ছাড়া কোরিয়ার সহায়তায় আরও ৩০০টি সিএনজিচালিত বাস যোগ হবে বিআরটিসির বাসের বহরে। বিআরটিসির বাসের বহরে বাস বাড়লেও সেই তুলনায় নগরে এই বাসের রুট বাড়ছে না কেন জানতে চাইলে তিনি আগের সরকারের ওপর দায় চাপিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিআরটিসির কোনো গাড়িই মেরামত করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে। আবার একটা নষ্ট ভলভো ঠিক করতে যে টাকা প্রয়োজন, তা দিয়ে আরেকটি নতুন বাস কেনা সম্ভব। তিনি বলেন, ‘আমরা চাচ্ছি নগর পরিবহনে বিআরটিসি তার পুরোনো অবস্থানে ফিরে আসুক। এ জন্য নতুন বাস আনাসহ পুরোনো বাস মেরামত—সবকিছুই আমাদের পরিকল্পনাধীন রয়েছে।’