বিআরটিসির সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা
সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাসে উঠে প্রথম এক কিলোমিটারের মধ্যে গন্তব্যে নামলে ভাড়া দিতে হবে পাঁচ টাকা। দুই কিলোমিটারের মধ্যে এ ভাড়া হবে সাত টাকা। এরপরের প্রতি কিলোমিটারের জন্য ভাড়া হবে এক টাকা ৫৫ পয়সা হারে।বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিআরটিসির বহরে ৪৭ আসনবিশিষ্ট ৮০টি বাস যুক্ত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুনর্নির্ধারিত ভাড়ার হার ঘোষণা করা হবে।গতকাল বুধবার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তাঁর দপ্তরে বেসরকারি মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। এতে যোগাযোগসচিব মোজাম্মেল হক খান উপস্থিত ছিলেন। ভাড়া: বেসরকারি যাত্রী পরিবহনের ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বড় বাসের ভাড়া প্রতি কিলোমিটার এক টাকা ৫৫ পয়সা ও মিনিবাসের ভাড়া এক টাকা ৪৫ পয়সা এবং সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা থেকে বাড়িয়ে সাত টাকা করা হয়েছে। এখন বিআরটিসির ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা করা হচ্ছে। জানতে চাইলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, সরকারি পরিবহনে যাত্রীসাধারণকে কিছুটা কম ভাড়ায় চড়ার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিআরটিসির বাস এক কিলোমিটারের মধ্যে থামে না। তাহলে পাঁচ টাকার সুবিধা যাত্রীরা কীভাবে পাবেন, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভাড়া পুনর্নির্ধারণের সঙ্গে স্টপেজও নির্ধারণ করে দেওয়া হবে। যাত্রীদের চাহিদা অনুযায়ীই স্টপেজ হবে। বৈঠকে উপস্থিত সড়ক পরিবহন মালিক সমিতির সধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ দাবি করেন, ঢাকা মহানগরে ৫২টি রুটে বেসরকারি মালিকদের কম-বেশি চার হাজার যাত্রী পরিবহনের বাস-মিনিবাস চলাচল করে। বেশির ভাগ ক্ষেত্রে সরকারনির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় বন্ধ হয়ে গেছে। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি তাঁর। পক্ষান্তরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিআরটিএ) আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, ঢাকায় ২০০টি রুটে বাস চলাচল করে। এর মধ্যে ১১৪টি রুটের ভাড়ার তালিকা করা হয়েছে। বাকিগুলোর ভাড়া নির্ধারণের কাজ চলছে। বিআরটিসির দেওয়া তথ্য উদ্ধৃত করে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব প্রথম আলোকে বলেন, নতুন ৮০টি বাস যোগ হলে ঢাকা মহানগরে সরকারি যাত্রী পরিবহন সংস্থার বাসের সংখ্যা হবে ৪৩৯টি। বর্তমানে ঢাকার পাঁচটি রুটে বিআরটিসির বাস চলাচল করছে। এখন রুটের সংখ্যা বাড়ানো হবে। নতুন যেসব রুট হবে, মোহাম্মদপুর-মতিঝিল, নবীনগর-মতিঝিল, আবদুল্লাহপুর-আজিমপুর, গাবতলী-মতিঝিল, উত্তরা-মতিঝিল। প্রতিটি বাসে নারী ও প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। বেসরকারি বাসের অনিয়ম: ভাড়া বৃদ্ধির পর বেসরকারি মালিকানার বাসের অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এখন সাতটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। যোগাযোগমন্ত্রী জানান, এ পর্যন্ত ৭০টি বাস জব্ধ করেছে আদালত। এগুলোর রাস্তায় চলাচলের অনুমতিপত্র (রুট পারমিট) বাতিল করা হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। এসব বাসের মালিকদের কাছ থেকে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।