বিআরটিসির ১০০ নতুন বাস রাস্তায় নামছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় যাত্রী পরিবহনের জন্য সিএনজিচালিত ১০০ নতুন বাস চীন থেকে আমদানি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামীকাল মঙ্গলবার থেকে বাসগুলো ঢাকার রাস্তায় নামবে। ডং ফেং কোম্পানির এসব বাস ইলেন নামে একটি চীনা সরবরাহকারী প্রতিষ্ঠান সরবরাহ করেছে। অতীতে বাংলাদেশে এ প্রতিষ্ঠানের সরবরাহ করা বাস বেশি দিন স্থায়ী হয়নি।বিআরটিসি নতুন ১০০ বাস কিনলেও সংস্থার পুরোনো প্রায় দেড় শ বাস অকেজো হয়ে পড়ে আছে। অর্থের অভাবে সেগুলো মেরামত করা হচ্ছে না। বিআরটিসি শিগগিরই আরও নতুন বাস কিনবে বলে সংস্থা সূত্রে জানা গেছে।বিআরটিসিও ২০০৬ সালে চীন থেকে ৩০টি বাস আমদানি করেছিল। এর অধিকাংশই অকেজো হয়ে গেছে। বিআরটিসির মতিঝিল, জোয়ারসাহারা ও মিরপুর ডিপোতে নতুন বাসগুলো রাখা হয়েছে। মতিঝিল ডিপোতে সারিবদ্ধভাবে রাখা আছে ২১টি বাস। এর মধ্যে একটি বাসের সঙ্গে পুরোনো একটি বাসের ধাক্কা লাগার পর নতুন বাসের সামনের অংশের বডি কিছুটা ভেঙে গেছে। ভাঙা স্থানে হার্ডবোর্ড বা চটের মতো অংশ দেখা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিপোর কর্মীরা বলেন, ইঞ্জিন সম্পর্কে তাঁদের ধারণা নেই। তবে অন্য বাসের তুলনায় এর বডি খুবই নাজুক। নতুন বাস কেনার দরপত্রে জাপান, ভারত, চীনসহ বেশ কয়েকটি দেশের ২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। নরডিক ঋণে কেনা এসব বাসের দাম শুল্কসহ ৩২ লাখ টাকা পড়েছে বলে জানা গেছে। বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল আকতার কামাল প্রথম আলোকে বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও যোগাযোগ মন্ত্রণালয়ের কমকর্তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেই এসব বাস কেনা হয়েছে। তাঁদের বিবেচ্য বিষয় ছিল, দাম ঠিক আছে কি না এবং ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী সরবরাহ করেছে কি না। তাঁরা বলেন, গাড়ি চালানোর আগে এটা নিম্নমানের কি না, তা কীভাবে বলা যাবে? তবে তিনি দাবি করেন, ২০০৬ সালে কেনা চীনা বাসগুলো নিম্নমানের ছিল। কিন্তু এবারকার বাসগুলো মানসম্মত। একটি বাস বিআরটিসির চালকের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই চালকের শাস্তিও হয়েছে। জানা গেছে, বেসরকারি পরিবহন কোম্পানি মধুমতি, উইনার ও সিটি লাইন পরিবহনেও ইলেনের সরবরাহ করা বাস ব্যবহার করা হয়েছিল। ‘সিটি লাইন’ নামের বাসগুলো ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করত। পাঁচ বছরের মধ্যে এসব বাস অকেজো হয়ে যায়। এখন সেগুলো ঢাকার কাজলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়ে আছে। মধুমতি ও উইনারের বাসগুলোর অবস্থাও খারাপ বলে জানা গেছে। এ পর্যন্ত ঢাকার আশপাশে চলাচল করে এমন প্রায় ৭৫টি চীনা বাস বেসরকারি মালিকেরা ইলেনের মাধ্যমে সংগ্রহ করেছে বলে খবর পাওয়া গেছে। এসব বাসেরও অবস্থা খারাপ বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। ইলেন ২০০৮ সালে ঢাকা-চট্টগ্রাম রুটে চালানোর জন্য নিজস্ব ব্যবস্থাপনায় ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নামিয়েছিল। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ ছয় মাসের জন্য রুট পারমিটও দিয়েছিল। বর্তমানে এসব বাস আর চলছে না। রুট পারমিটও নবায়ন করা হয়নি বলে বিআরটিএ সূত্র জানায়।বিআরটিসি সূত্রে জানা গেছে, বিগত জোট সরকারের শেষের দিকে ২০০৬ সালে প্রগতি ইন্ডাস্ট্রিজের থেকে ৩০টি সিএনজিচালিত চীনা বাস কিনেছিল বিআরটিসি। সে সময় ২০টি বাস সংগ্রহ করার পর প্রগতির কর্মকর্তা ও বিআরটিসির কারিগরি বিভাগের কর্মকর্তারা বাসের ইজারাদারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি খুঁজে পান। বিআরটিসি তখন সিদ্ধান্ত নেয় ওই বছর জুন মাসের মধ্যে বাসগুলোর ত্রুটি সারিয়ে না দিতে পারলে ২০টি বাস ফেরত দেওয়া হবে। পাশাপাশি বাকি ১০টি গাড়ির চুক্তি বাতিল করা হবে। কিন্তু ত্রুটি ধরা পড়ার পরও বাকি ১০টি বাস গ্রহণ করা হয়। বর্তমানে ৪০ আসনের এসব বাসের প্রায় সবগুলোই অকেজো হয়ে আছে। অভিযোগ ছিল, মোটা অঙ্কের কমিশনের ভিত্তিতে এসব বাস নেওয়া হয়েছিল। এর জন্য সংস্থার তৎকালীন চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন দুদক মামলাও করেছিল।পুরোনো বাস: বিআরটিসি নতুন বাস আমদানি করলেও সংস্থার অনেক পুরোনো বাস অকেজো হয়ে ডিপোতে কিংবা গাজীপুরের মেরামত কারখানায় পড়ে আছে। সেগুলো মেরামত করার অর্থ পাচ্ছে না সংস্থাটি। সংস্থার ৫০টি ভলভো বাসের মধ্যে ২৫টিই অকেজো। এসব বাস দীর্ঘদিন ধরে মেরামত হচ্ছে না। তবে বিআরটিসি কর্মকর্তাদের দাবি, ভলভো বাস মেরামত ব্যয়বহুল। এগুলো লাভজনক করা যাচ্ছে না। তবে ভলভো বাসগুলো বেশ জনপ্রিয় বলে এ বাসের যাত্রী ও বিআরটিসি কর্মকর্তারা জানিয়েছেন। জানা গেছে, অকেজো দেড় শ বাসের মধ্যে টাটা কামিনস, অশোক লিল্যান্ড দ্বিতল বাস, চীনের তৈরি কিছু বাসও রয়েছে। ইতিমধ্যে ৩৫টি পুরোনো বাস বিক্রি করে দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ১০০ পুরোনো বাস বিক্রি করে দেওয়া হবে বলে বিআরটিসি সূত্র জানিয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, নতুন কেনা বাসগুলো বাদে বিআরটিসিতে বর্তমানে চলাচলের উপযোগী বাস আছে সাকল্যে ৫০০। কিন্তু অন্তত ১০০ বাস সবসময় মেরামতের জন্য কারখানায় আটকে থাকে। এই ৫০০ বাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সচিবালয়, সুপ্রিম কোর্টসহ বেশ কিছু প্রতিষ্ঠানের ‘স্টাফ বাস’ হিসেবে পরিচালিত হচ্ছে ১০০ বাস।