বিইআরসি চেয়ারম্যানের নিয়োগ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান পদে সৈয়দ ইউসুফ হোসেনের নিয়োগ এবং পদে থাকা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন।জানা গেছে, সৈয়দ ইউসুফ হোসেন ২০০২ সালে মহাহিসাব নিরীক্ষক ও নিবন্ধক (সিএজি) পদ থেকে অবসর নেন। ২০০৯ সালের ১১ অক্টোবর তাঁকে বিইআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। পরদিন ১২ অক্টোবর তিনি ওই পদে যোগ দেন। এ ব্যাপারে ল অ্যান্ড ডেভেলপমেন্ট নামের একটি আইন গবেষণা ও সহায়তা দানকারী সংস্থার চেয়ারম্যান তসলিম উদ্দিন আহমেদ হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। রুলে বিইআরসির চেয়ারম্যান পদে সৈয়দ ইউসুফ হোসেনের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন। রিট আবেদনে বলা হয়, সৈয়দ ইউসুফ হোসেন মহাহিসাব নিরীক্ষক ও নিবন্ধক (সিএজি) পদে নিযুক্ত ছিলেন। এটি সাংবিধানিক পদ। সাংবিধানিক পদ থেকে অবসরের পর কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের অন্য কোনো লাভজনক পদে নিয়োগ পেতে পারেন না। সংবিধানের ১২৯ (৪) অনুচ্ছেদে এ বিষয়ে বাধা রয়েছে। এ ছাড়া বিইআরসির আইন অনুযায়ী এর চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা। কিন্তু সৈয়দ ইউসুফ হোসেনের ক্ষেত্রে তা মানা হয়নি।আদালতে রিট আবেদনকারীর পক্ষে শাহদীন মালিক ও তুরিন আফরোজ এবং বিইআরসির চেয়ারম্যানের পক্ষে এম আমীর-উল ইসলাম মামলা পরিচালনা করেন। রায় প্রসঙ্গে এম আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, নিয়োগ অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সনদ দেওয়া হয়েছে। আপিল করা হবে। শাহদীন মালিক বলেন, অতীতে চেয়ারম্যানসহ কমিশনের সদস্য পদে নিয়োগের আগে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। নিয়োগ হয়েছে সংগোপনে অস্বচ্ছ প্রক্রিয়ায়, যা প্রচলিত রীতির পরিপন্থী।