বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান পদে সৈয়দ ইউসুফ হোসেনের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা আপিল বিভাগ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন। আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম জানিয়েছেন, এর ফলে সৈয়দ ইউসুফ হোসেন কাজ চালিয়ে যেতে পারবেন। হাইকোর্ট গত ২৪ ফেব্রুয়ারি সৈয়দ ইউসুফ হোসেনের ওই পদে থাকা অবৈধ ঘোষণা করে রায় দেন। জানা গেছে, সৈয়দ ইউসুফ হোসেন ২০০২ সালে মহাহিসাব নিরীক্ষক ও নিবন্ধক (সিএজি) পদ থেকে অবসর নেন। ২০০৯ সালের ১১ অক্টোবর তাঁকে বিইআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। পরদিন ১২ অক্টোবর তিনি ওই পদে যোগ দেন। এ ব্যাপারে ‘ল অ্যান্ড ডেভেলপমেন্ট’ নামের একটি আইন গবেষণা ও সহায়তা দানকারী সংস্থার চেয়ারম্যান তসলিম উদ্দিন আহমেদ হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। রুলে বিইআরসির চেয়ারম্যান পদে সৈয়দ ইউসুফ হোসেনের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ২৪ ফেব্রুয়ারি আদালত রায় দেন।