বিইআরসির ‘তুঘলকি’ সিদ্ধান্তে গ্রাহকদের তীব্র ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও ঢাকার বাইরে প্রতিদিন অনেক গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাচ্ছেন। এ নিয়ে প্রতিদিন বাড়ছে তাঁদের অভিযোগ ও ক্ষোভ।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত মার্চ মাসে বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিলকাঠামোতে (স্লাব) যে পরিবর্তন এনেছে, তা-ই হয়েছে এ গ্রাহক দুর্ভোগের কারণ। অনেক গ্রাহকের মতো বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিইআরসির ওই সিদ্ধান্তকে ‘তুঘলকি’ বলে অভিহিত করেছেন।গাজীপুর থেকে শুক্রবার একজন গ্রাহক টেলিফোনে বলেন, তিনি কয়েক দিন আগে যে বিদ্যুৎ বিল পেয়েছেন তাতে দেখা যায়, তিনি বিদ্যুৎ ব্যবহার করেছেন ৪১২ ইউনিট। বিল হয়েছে তিন হাজার ৪৫৬ টাকা। অপরদিকে তাঁর প্রতিবেশী বিদ্যুৎ ব্যবহার করেছেন ৪০০ ইউনিট। তাঁর বিল এক হাজার ৮৪৪ টাকা।মাত্র ১২ ইউনিট বেশি ব্যবহারের জন্য তাঁর বিল বেশি এসেছে এক হাজার ৬১২ টাকা। হিসাব করে দেখা যায়, এই ১২ ইউনিটের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়েছে ১৩৪ টাকা ৩৩ পয়সা। তিনি বলেন, ‘কোনো তুঘলকি সিদ্ধান্ত’ ছাড়া এ রকম হতে পারে না।বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা হিসাব করে বলেছেন, বিইআরসি বিলকাঠামো পরিবর্তন না করলে দাম বাড়ানোর পরও ৪০০ ইউনিট ব্যবহারকারীর বিল হতো এক হাজার ৭৬১ টাকা। আর ৪১২ ইউনিট ব্যবহারকারীর বিল হতো এক হাজার ৮১৩ টাকা। এটিই হতো যৌক্তিক।ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন মোহাম্মদপুরের দুই প্রতিবেশী গ্রাহকের বিদ্যুৎ বিল সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁদের একজন ৩০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন। বিল এসেছে এক হাজার ২৫৩ টাকা। অন্যজন ব্যবহার করেছেন ৩০২ ইউনিট। তাঁর বিল এক হাজার ৪০৩ টাকা।যিনি দুই ইউনিট বেশি ব্যবহার করেছেন, তাঁর বিল বেশি এসেছে ১৫০ টাকা। বিইআরসি গ্রাহকদের ওপর আর্থিক অভিঘাত বা বৈষম্য সৃষ্টির বিষয়ে হিসাব-নিকাশ ছাড়াই বিলকাঠামো পরিবর্তন করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন।বিইআরসি তা না করলে দাম বাড়ানোর পরও ৩০০ ইউনিট ব্যবহারকারীর বিল এক হাজার ২৫৩ টাকাই হতো। আর দুই ইউনিট বেশি ব্যবহারকারীর বিল হতো এক হাজার ২৬৫ টাকার মতো। ক্ষুব্ধ অনেক গ্রাহক প্রতিদিন ফোন করে এবং সশরীরে প্রথম আলো কার্যালয়ে এসে জানতে চান, এর প্রতিকার হবে কি না। তাঁরা কি এই অসংগত বিল পরিশোধ করবেন? এত টাকা বিল পরিশোধ করলে পরে কি তা সমন্বয় হবে, নাকি টাকাটা বরবাদ হয়ে যাবে?এসব প্রশ্নের উত্তর জানার জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করলে জানানো হয়, বিষয়টি সরকারের নজরে এসেছে। যাতে প্রতিকার হয়, সে সম্পর্কে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সরকারের সে উদ্যোগ কার্যকর হবে বিইআরসির মাধ্যমেই। বিইআরসিকেই ওই বিলকাঠামো পরিবর্তন করে পুনরাদেশ জারি করতে হবে।বিইআরসির সূত্র জানায়, ভবিষ্যতে বিদ্যুতের দাম বাড়ানোর সময় নতুন করে বিলকাঠামো ঘোষণারও প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তাতে বর্তমান সমস্যার সমাধান হবে না। বিইআরসি গত মার্চ মাসে বিদ্যুতের দাম বাড়ানোর সময় আবাসিক গ্রাহকদের বিলকাঠামো পরিবর্তন করে আগের চারটির স্থলে তিনটি করার সিদ্ধান্ত ঘোষণা করে। তখন ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি ইউনিটের দাম ধরা হয় তিন টাকা পাঁচ পয়সা। ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত চার টাকা ২৯ পয়সা। ৪০০ ইউনিটের বেশি হলে প্রতি ইউনিট সাত টাকা ৮৯ পয়সা।পাশাপাশি বিইআরসি আদেশ দেয়, যে গ্রাহক ৩০০ ইউনিটের মধ্যে ব্যবহার সীমিত রাখতে পারবেন, তিনি প্রথম ১০০ ইউনিটের দাম তিন টাকা পাঁচ পয়সা হারে এবং পরবর্তী ২০০ ইউনিটের দাম চার টাকা ২৯ পয়সা হারে দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু কোনো গ্রাহক দ্বিতীয় ধাপের (১০১-৪০০ ইউনিট) হলেও তাঁর বিদ্যুৎ ব্যবহার ৩০০ ইউনিটের বেশি হলে সম্পূর্ণ বিদ্যুতের দামই চার টাকা ২৯ পয়সা হারে দিতে হবে। ১০০ ইউনিট পর্যন্ত কম দামের সুবিধা তিনি পাবেন না। একইভাবে ৪০০ ইউনিট অতিক্রম করলেই সম্পূর্ণ বিদ্যুতের দাম দিতে হবে প্রতি ইউনিট সাত টাকা ৮৯ পয়সা হিসাবে। এ কারণেই বিল নিয়ে গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন।