বিউটি পারলারের সিসি ক্যামেরা সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নারী ও পুরুষদের বিউটি পারলারের সেবাকক্ষে ক্লোজড সার্কিট (সিসি) টিভি ক্যামেরা অবিলম্বে সরানোর জন্য যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পারলারের সেবাকক্ষে সিসি টিভি ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে তথ্য, স্বরাষ্ট্র ও শ্রমসচিব, পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ সোমবার জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। পারসোনার ঘটনার সূত্র ধরে জনস্বার্থে সারা দেশের বিউটি পারলারের সেবাকক্ষে সিসি টিভি ক্যামেরা ব্যবহারের বিষয়ে নির্দেশনা চেয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আইনজীবী এলিনা খান রিট আবেদনটি করেন। আবেদনের পক্ষে তিনি নিজে শুনানি করেন।এলিনা খান পরে সাংবাদিকদের বলেন, গত ৩০ সেপ্টেম্বর পারসোনার ঘটনায় পর পারলারে যাওয়া নারী-পুরুষদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। তাঁদের রাইট টু লিভ (জীবনের অধিকার) এবং পারসোনাল লিবার্টি (ব্যক্তিগত স্বাধীনতা) খর্বের আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে রিটটি করা হয়েছে।