বিএনএফ ও প্রার্থিতা বাতিল নিয়ে বিভক্ত নির্বাচন কমিশন
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নিবন্ধনকে কেন্দ্র করে মতবিরোধ দেখা দিয়েছে নির্বাচন কমিশনে। একইভাবে নির্বাচনে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা তথা গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১-ই ধারা বিলোপ করা নিয়েও দেখা দিয়েছে মতভিন্নতা। এই বিরোধে একদিকে আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ ও মোহাম্মদ শাহনেওয়াজ। অন্য পক্ষে কমিশনার আবদুল মোবারক ও জাবেদ আলী। পাঁচ সদস্যের কমিশনের অপর কমিশনার আবু হাফিজ সিঙ্গাপুরে আছেন। তাই তিনি কমিশনের গত দুই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন না।তবে কমিশন সচিবালয় সূত্র জানায়, সিঙ্গাপুরে যাওয়ার আগে আবু হাফিজ কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতা বহাল রাখার পক্ষে মত দিয়ে গেছেন। বিএনএফের নিবন্ধনের বিষয়ে তাঁর কোনো মতামত জানা যায়নি।নতুন রাজনৈতিক দল বিএনএফের নিবন্ধনের বিষয়ে বিএনপির তীব্র আপত্তি আছে। বিএনপির অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত করার জন্য সরকারের নীলনকশা অনুযায়ী নির্বাচন কমিশন এই দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়ায় আছে। বলা হচ্ছে, বিএনএফকে গমের শীষ প্রতীক দেওয়া হবে, যা দেখতে বিএনপির প্রতীক ধানের শীষের কাছাকাছি।আর গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১-ই ধারা বাতিল করে খোদ নির্বাচন কমিশন কেন নিজেদের ক্ষমতা খর্ব করতে চায়, তা নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে প্রশ্ন আছে। কমিশনের এই ক্ষমতা না থাকলে প্রার্থীদের আচরণবিধি মানাতে না পারাসহ নির্বাচনী সহিংসতাকে উৎসাহ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।এই অবস্থায় এ দুটি বিষয় নিয়ে কমিশনের অবস্থান কী হবে, তা ঠিক করতে কয়েক দিন ধরে বৈঠক করছেন কমিশনাররা। গতকালও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমিশনের বৈঠক হয়। কিন্তু কমিশনার আবদুল মোবারক দুপুরের পর বৈঠক ছেড়ে বাসায় চলে যান। আগের দুই দিনের বৈঠকেও তিনি বেশিক্ষণ ছিলেন না। আজ মঙ্গলবারও এ বৈঠক চলবে।বৈঠক সূত্র জানায়, বিএনএফ ও প্রার্থিতা বাতিল—দুটি বিষয়ের কোনোটিতেই আবদুল মোবারক সিইসি ও কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের সঙ্গে একমত হতে পারেননি।জানতে চাইলে আবদুল মোবারক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিএনএফের নিবন্ধন বা ৯১-ই ধারা বাতিলের সুপারিশ করার সিদ্ধান্তের বিষয়ে কমিশনের বৈঠকে আমার সামনে কোনো আলোচনা হয়নি। এসব বিষয়ে আমি কিছু জানি না।’তবে গতকাল সন্ধ্যায় কমিশনার শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ৯১-ই ধারা থাকছে কি থাকছে না, সে বিষয়ে আজ মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত হবে। বিএনএফের ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।বিএনএফ নিয়ে বিরোধ: কমিশন সচিবালয় সূত্র জানায়, সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ ও কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বিএনএফকে নিবন্ধন না দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের যুক্তি, আইন অনুযায়ী বিএনএফ নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি। এই অবস্থায় তাদের নিবন্ধিত করা হলে রাজনৈতিক দল ও জনমনে কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে।অন্যদিকে কমিশনার আবদুল মোবারক ও জাবেদ আলী শর্ত পূরণের জন্য আরেক দফা সুযোগ দিয়ে বিএনএফকে নিবন্ধিত করার পক্ষে মত দিয়েছেন বলে সূত্র জানায়।রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী, অন্তত ২২টি জেলা ও ১০০ উপজেলায় দলের কমিটি ও দপ্তর থাকতে হবে। প্রতিটি কমিটিতে কমপক্ষে ২০০ ভোটার সদস্য থাকতে হবে।কমিশন সচিবালয় সূত্র জানায়, প্রাথমিক আবেদনে বিএনএফ ৩৬ জেলা ও ১৩৪ উপজেলায় তাদের দপ্তর ও কমিটি আছে বলে উল্লেখ করেছিল। কিন্তু ইসির তদন্তে ১৯ জেলা ও ৩২ উপজেলায় বিএনএফের দপ্তর ও কমিটির হদিস পাওয়া যায়। এরপর ৪ আগস্ট বিএনএফ সময় বাড়ানোর আবেদন জানিয়ে বলেছে, একটি বিশেষ দল বিভিন্ন উপজেলায় তাদের দপ্তর ভেঙে দিয়েছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি দলটিকে অতিরিক্ত ১৫ দিন সময় দেয়। এরপর ইসি দ্বিতীয় দফায় তদন্ত করে ২৬ জেলা ও ৮৮ উপজেলায় বিএনএফের দপ্তর খুঁজে পেয়েছে।সূত্র আরও জানায়, জেলা ও উপজেলার কমিটিগুলোতে ২০০ ভোটার সদস্য আছেন কি না, সে বিষয়ে কমিশনের তদন্ত দল অনুসন্ধান করেনি।৯১-ই ধারা নিয়ে বিরোধ: নির্বাচন কমিশন গত জুলাই মাসে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব করে আইন মন্ত্রণালয়ে পাঠায়। প্রস্তাবে বলা হয়, আচরণবিধি লঙ্ঘনের কারণে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে সংশ্লিষ্ট বাকি প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রার্থিতা বাতিলের পর একজন প্রার্থী অবশিষ্ট থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বলে বিবেচিত হবেন। কমিশনের এ প্রস্তাবের পর বিএনপি এর বিরোধিতা করে। এরপর কমিশন ২৮ জুলাই থেকে ৯১-ই ধারাটি সম্পূর্ণ বিলোপের সিদ্ধান্ত গ্রহণ করে। ধারাটি বাতিলের পক্ষে অবস্থান নেওয়ার যুক্তি তুলে ধরে ৩০ জুলাই সিইসি সাংবাদিকদের বলেছিলেন, ইসির প্রার্থিতা বাতিলের ক্ষমতা অর্থহীন। কারণ, এটি প্রয়োগযোগ্য নয়। এর মাধ্যমে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা সম্ভব নয়। যে আইন প্রয়োগযোগ্য নয়, তা না থাকাই ভালো। তবে কমিশন এখন পর্যন্ত তা প্রস্তাব আকারে আইন মন্ত্রণালয়ে পাঠায়নি।৯১-ই ধারায় বলা আছে, কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ প্রমাণিত হলে কমিশন তদন্ত করে এবং যথাযথ শুনানির সুযোগ দিয়ে সেই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বাকি প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রার্থীর প্রার্থিতা বাতিলের পর যদি একজন প্রার্থী অবশিষ্ট থাকেন, সেই আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে।তবে সব মহলের সমালোচনার মুখে ২১ আগস্ট সিইসি সাংবাদিকদের বলেছিলেন, ‘৯১-ই ধারা নিয়ে আমরা নতুন করে চিন্তাভাবনা করছি। এ বিষয়ে কয়েক দিনের মধ্যে জানতে পারবেন।’ কমিশন সচিবালয় সূত্র জানায়, সিইসি এই ধারা বহাল রাখার পক্ষে। কমিশনার শাহনেওয়াজ ও আবু হাফিজ এ বিষয়ে সিইসিকে সমর্থন জানান। তবে আবদুল মোবারক ও জাবেদ আলী ধারাটি বাতিলের পক্ষে মত দেন। এ নিয়ে গত কয়েক দিনের বৈঠকে উভয় পক্ষ নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে। গতকালের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয় এবং কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়।প্রথম দফা বৈঠক শেষে গতকাল দুপুরে কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, ৯১-ই ধারা সংশোধনের প্রস্তাব নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা হচ্ছে। সবাই যা ভালো মনে করবেন, কমিশন তাই করবে। সে জন্য ৯১-ই ধারা বহাল রাখা যায় কি না, সে চিন্তাভাবনা চলছে।রাতে ব্যাখ্যা: আরপিও সংশোধন প্রস্তাবের ব্যাখ্যা দিয়ে গত রাত নয়টার দিকে কমিশন সচিবালয় থেকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের কাছে একটি বিবৃতি পাঠানো হয়েছে। সাত পৃষ্ঠার এই বিবৃতিতে সই করেন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক। তাতে ৯১-ই বিলোপ, সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে সুপারিশ না করা এবং নির্বাচনী ব্যয় ও প্রার্থীর জামানতের অঙ্ক বাড়ানোর প্রস্তাবের ব্যাপারে কমিশনের যুক্তি তুলে ধরা হয়।জানতে চাইলে কমিশনার শাহনেওয়াজ বলেন, ৯১-ই ধারা বিলোপসহ আরপিও সংশোধনের অন্যান্য প্রস্তাব কমিশন কেন করেছে, সে বিষয়ে যৌক্তিকতা তুলে ধরে বিবৃতি পাঠানো হয়েছে। তবে তিনি এ-ও বলেন, কমিশন ৯১-ই ধারার ব্যাপারে নতুন করে যে চিন্তাভাবনা করছে, তার সঙ্গে এই বিবৃতির কোনো সম্পর্ক নেই।