বিএনএসবি চক্ষু হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু ১৯৯১ সালে। পৌর কর্তৃপক্ষ শহরের কলের পুকুরপাড় এলাকায় এ জন্য দান করে ৬৬ শতাংশ জমি। কারিতাস বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহযোগিতায় জার্মানির আন্ধেরি হিলফের আর্থিক সহায়তায় নির্মাণ করা হয় হাসপাতালের দোতলা ভবন। ১৯৯৩ সালে ২৫ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। হাসপাতাল কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১২৫ থেকে ১৫০ রোগী সেবা নিচ্ছে। এখানে চারজন চক্ষু বিশেষজ্ঞ, ১০ জন প্যারামেডিকসহ ৪২ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। প্রতিষ্ঠার পর এ পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে তিন লাখ ৭৩ হাজার ৫৫৮ জন চিকিৎসা নিয়েছে। অস্ত্রোপচার করা হয়েছে ১০ হাজার ৮৬২ জনকে। এ ছাড়া ২৬১টি চক্ষু শিবিরে চিকিৎসাগ্রহণকারী রোগীর সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৬০৩ এবং চক্ষু শিবিরে অপারেশন করা রোগীর সংখ্যা ১৪ হাজার ১১৮। এ ছাড়া ৪১০টি স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামে ৯৯ হাজার ৩৫৭ জন ছাত্রছাত্রীকে চক্ষু পরীক্ষা করে পরামর্শ ও চিকিৎসা সুবিধা দেওয়া হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) শাহানা পারভীন বলেন, এখানে একটি আধুনিক আইওএল ক্লিনিক, একটি আধুনিক চক্ষু শিশু বিভাগ, গ্লুকোমা ক্লিনিক, আধুনিক ল্যাব স্থাপন করার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে রোগীরা এখান থেকে আরও উন্নত চিকিৎসাসেবা পাবে।