বিএনপি-আ.লীগ সংঘর্ষে রাঙ্গুনিয়ায় আহত ৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই ও রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া অংশে ব্যারিকেড দেওয়ায় গতকাল সোমবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিএনপির জনসভায় যোগ দিতে পারেননি রাঙ্গুনিয়া উপজেলা ও রাঙামাটি জেলা বিএনপির কয়েক শ নেতা-কর্মী। বাধার মুখে উপজেলার রানীরহাটে সংঘর্ষে আওয়ামী লীগের সাতজন ও বিএনপির ৩৪ জন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় রাঙামাটি ও কাপ্তাই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা জানান, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সকাল নয়টা থেকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা, মরিয়মনগর চৌমুহনী, রাঙ্গুনিয়া কলেজ গেট, শান্তির হাট ও চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রানীরহাট বাজারে ব্যারিকেড দেয়। এতে সড়কে চলাচলকারী বাস, ট্রাক, মাইক্রোবাস চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় লালদীঘির ময়দানে বিএনপির জনসভা অভিমুখী বাসগুলো আটকে বিএনপি সমর্থকদের নামিয়ে দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রানীরহাট বাজারের ব্যবসায়ীরা জানান, জনসভা অভিমুখী রাঙামাটি জেলা বিএনপির নেতা-কর্মীবাহী প্রায় ৩০-৩১টি গাড়ি গতকাল দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া রানীরহাটে এসে বাধার মুখে পড়ে। এ সময় বিএনপি নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিকে ঢিল ছোড়ে। ইটের আঘাতে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের কর্মী ইউনুছ, নাজিম, কামাল, মিল্টন, তৌহিদ, নাসের ও রাশেদ আহত হন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের ওপর পাল্টা হামলা চালান। দুই ঘণ্টা ধরে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি চলে। এতে বিএনপির ৩৪ নেতা-কর্মী আহত হন। রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম অভিযোগ করেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩০টি বাস গতকাল দুপুর ১২টায় যাত্রা করে। বাসগুলো রানীরহাট বাজারে গেলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে ১০টি বাস ভাঙচুর করেন। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামশুল আলম দাবি করেন, উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাঙামাটি ও কাপ্তাই সড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করেন। রাঙামাটি জেলা বিএনপির নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে মানববন্ধন কর্মসূচিতে হামলা চালান। তিনি সড়কে ব্যারিকেড দেওয়ার কথা অস্বীকার করেন।রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, রাস্তায় ইট ও গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছিল। বিকেল তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনি সেগুলো সরিয়েছেন।