বিএনপি আওয়ামী লীগ: কেউ কথা রাখেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার ১৮ দল আহূত আট ঘণ্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে ঘোষণা দিয়েছিলেন ১৮ দল তথা বিএনপির নেতারা। কিন্তু অবরোধ কর্মসূচি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকেনি। অবরোধপালনকারীরা মিরপুর, যাত্রাবাড়ী, উত্তরা, সাভার, গাজীপুর, কাঁচপুর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাসে, ট্রাকে অটোরিকশায় আগুন দিয়েছেন, ভাঙচুর চালিয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। নেতারা জনগণের প্রতি শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানালেও তাঁদের ইচ্ছার ওপর অবরোধের ভাগ্য ছেড়ে দেননি। বরং দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে জনগণের ওপর জবরদস্তি করেছেন। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেছেন। চলন্ত যান তো বটেই, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতেও আগুন দিতে দ্বিধা করেননি তাঁরা। এর পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল ফাটিয়ে, রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ বিএনপি ওরফে ১৮ দলীয় নেতারা জাতির কাছে দেওয়া ওয়াদা রাখতে পারেননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতই বলুন না কেন, ১৮ দলীয় নেতারা এই সহিংসতার সঙ্গে জড়িত নন, কিন্তু এর দায় তাঁরা এড়াতে পারেন না। তাঁর কথা অনুযায়ী সরকারের এজেন্টরা যদি এই কাজ করে থাকেন, তাঁদের পাকড়াও করলেন না কেন? কথা রাখেননি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও। বিরোধী দলের অবরোধ সামনে রেখে কয়েক দিন ধরেই তাঁরা মাঠ গরম করছিলেন। তাঁরা বলেছিলেন, বিরোধী দলের অবরোধ প্রতিহত করার কোনো পরিকল্পনা তাঁদের নেই। কর্মীদের সে ধরনের নির্দেশও দেওয়া হয়নি। কেবল তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু আজ সকালে পুরান ঢাকার আদালতপাড়ায় অবরোধ প্রতিহত করার নামে ছাত্রলীগের কর্মীরা একজন নিরীহ পথচারী যুবককে যেভাবে কুপিয়ে হত্যা করেছেন, তা নৃশংস ও নির্মম। আদালতপাড়ায় বিএনপি-জামায়াতের সমর্থক আইনজীবীরা মিছিল বের করে বাহাদুর শাহ পার্কের দিকে গেলে সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় বিশ্বজিত্ দাস নামের ওই যুবক সেখানকার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আর ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের কর্মী সন্দেহে ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। ৫৩ নম্বর ঋষিকেশ দাস লেনের বাসা থেকে শাঁখারীবাজারে তাঁর টেইলার্সের দোকানে যাচ্ছিলেন বিশ্বজিৎ। যে রাজনীতি সাধারণ মানুষের রুটিরুজি কেড়ে নেয়, যে রাজনীতি শ্রমজীবী যুবকের প্রাণ কেড়ে নেয়, আমরা সেই রাজনীতিকে ধিক্কার জানাই। রোববারের অবরোধে একাধিক প্রাণ ঝরে গেছে। অনেক যানবাহন ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আর প্রাণ নয়। আর সম্পদ ধ্বংস নয়। ক্ষমতায় যাওয়ার জন্য বা থাকার জন্য সাধারণ মানুষকে এভাবে জিম্মি করবেন না।