বিএনপি আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন ছাড়া জনগণের সামনে আর কোনো পথ খোলা রাখেনি। আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি এই সরকারের পতন ঘটাবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের লেবাস নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার স্বৈরাচারীর মতো আচরণ করছে। ভারতের সঙ্গে করা চুক্তি জনগণ প্রত্যাখ্যান করেছে। গণ-আন্দোলন থেকে নিজেদের পতন ঠেকাতে তারা ছাত্রদলের ওপর হামলা চালাচ্ছে। সরকার ছাত্রদলকে ভয় পায়। কেননা, এই ছাত্রদলই নব্বইয়ে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়েছিল।ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের সংগঠনের বিদ্রোহী পক্ষের আক্রমণে আহত হওয়ার কারণে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন সভায় উপস্থিত ছিলেন না। এ ঘটনায় পুলিশের মামলার কারণে সাধারণ সম্পাদক আমিরুল ইসলামও অনুপস্থিত ছিলেন।ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা আলোচনায় অংশ নিয়ে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।ছাত্রদলের সহসভাপতি হায়দার আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, কেন্দ্রীয় নেতা এম ইলয়াস আলী, খায়রুল কবীর প্রমুখ।