বিএনপি আবার সংসদে যাবে: হানিফ
জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল বিএনপি ওয়াকআউট করলেও চলতি অধিবেশনে আবার তারা যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, ‘গতকাল বিএনপি সংসদে গিয়েছিল। জাতি প্রত্যাশা করেছিল, শুধু সদস্যপদ রক্ষার জন্য তারা সংসদে যাবে না, সংসদকে কার্যকর করতে তারা কথা বলবে, সংসদকে প্রাণবন্ত করে তুলবে। কিন্তু আমরা লক্ষ করলাম, কোনো কারণ ছাড়াই তারা সংসদ থেকে ওয়াকআউট করেছে। তবে চলতি অধিবেশনে আবার তারা সংসদে যোগ দেবে বলে আশা করছি। তা না হলে প্রমাণিত হবে, তারা সুবিধা নেওয়ার জন্য সংসদে যোগ দিয়েছে।’ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, ‘দেশের চার সিটি করপোরেশন নির্বাচন চলছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। ঢাকা সিটি নির্বাচন সামনে রেখে আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগকে ঢেলে সাজানো দরকার ছিল। যেহেতু তফসিল হয়ে যাচ্ছে, তাই ঢাকার প্রতিটি থানা, উপজেলা ও ওয়ার্ড ঢেলে সাজাতে হবে, যাতে আমাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করা যায়। এই সিটি নির্বাচনই আমাদের আগামী জাতীয় নির্বাচনে জয়ের জন্যও কাজ করবে।’হানিফ অভিযোগ করেন, ‘গত সাড়ে চার বছরে সরকারের পতনের জন্য আমাদের বিরোধী দল বিএনপি অনেক ষড়যন্ত্র করেছে। এই সরকারকে অস্থিতিশীল করার জন্য সংসদকে অকার্যকর করার জন্য চেষ্টা করে যাচ্ছে।’ বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘আন্দোলন নয়, সংসদে গিয়ে কথা বলুন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে।’ ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন দলের মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।