সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আদালতের রায়ের আলোকে তিনবার সংবিধান পুনর্মুদ্রিত হয়েছে। এখন তারাই বলছে, সংসদকে বাদ দিয়ে আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ সম্ভব নয়। এটা তাদের মুখে মানায় না।জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। তিনি জানান, অষ্টম সংশোধনীতে সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে (১৯৮৮ সালের ৩০ নম্বর আইন) বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। ওই বছরই হাইকোর্টের রায়ের মাধ্যমে ধারাটি সংবিধানে প্রতিস্থাপিত হয়। এরপর ১৯৯১ সালের ১০ অক্টোবর বিএনপি সরকারের আমলে প্রথম পুনর্মুদ্রণের মাধ্যমে ১০০ ধারাটি ছাপানো সংবিধানে স্থান পায়। তখন আইনসচিব ছিলেন সিরাজুল ইসলাম। এরপর তাদের আমলেই ১৯৯৪ ও ১৯৯৬ সালে সংবিধান পুনর্মুদ্রণ করা হয়।সুরঞ্জিত বলেন, সুবিধাবাদী রাজনীতিতে কিছু বিভ্রান্তি থাকে। সে জন্যই তারা এখন অন্যভাবে কথা বলছে। সংবিধান পুনর্মুদ্রণ বিষয়ে তিনি বলেন, পঞ্চম সংশোধনী-সংক্রান্ত মামলার রায়ের কপিতে বিচারপতিরা যেদিন স্বাক্ষর করেছেন, সেদিন থেকে তা আইনে পরিণত হয়েছে। প্রশ্ন হলো, এটা বইয়ে আসবে কীভাবে? পুনর্মুদ্রণ হবে কি না, সে বিষয়ে ১২ অক্টোবর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।কমিটির কো-চেয়ারপারসন আরও জানান, সংবিধান পুনর্মুদ্রণ হলে সংবিধানে কিছু অসংগতি দাঁড়াতে পারে। সেই সব অসংগতি কমিটির মাধ্যমে সংসদে উপস্থাপন করে সংশোধন করা হবে। আদালতের নির্দেশনার বাইরেও বেশ কিছু জায়গায় সংশোধন করতে হবে।প্রসঙ্গত, সংবিধান সংশোধনের জন্য গত ২১ জুলাই সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন ও সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারপারসন করে ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠিত হয়। এই কমিটি ২৯ জুলাই অনানুষ্ঠানিক বৈঠক করে। প্রথম আনুষ্ঠানিক বৈঠক করে ৮ আগস্ট। ১২ অক্টোবর কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।