বিএনপি আমলের অপপ্রচারের পথে চলেছিল বিচার বিভাগীয় কমিশনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্টের গ্রেনেড হামলার প্রকৃত রহস্য আড়াল করে বারবার ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত জোট সরকার। পার্থ সাহাকে গ্রেপ্তার, জজ মিয়াকে দিয়ে সাজানো স্বীকারোক্তি আদায়—এ সবই ছিল ওই অপচেষ্টার অংশ। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, ওই ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনও বিএনপি-জামায়াত জোট সরকারের অপপ্রচারের পথ ধরেই চলেছিল।গ্রেনেড হামলার ঘটনায় গঠিত বিচারপতি জয়নুল আবেদীনের এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন ওই হামলার জন্য প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছিল। আর ওই কমিশনের কাছে দেওয়া সাক্ষ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্কালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম বলেছিলেন, ওই হামলায় জড়িত পার্শ্ববর্তী দেশ ও আওয়ামী লীগের কতিপয় নেতা। এসব ঘটনা প্রমাণ করে, বিএনপি-জামায়াত জোট সরকার ওই হামলার প্রকৃত ঘটনা আড়াল করে প্রতিবেশী দেশের ওপর দায় চাপানোর জন্য সমন্বিতভাবে চেষ্টা করেছিল।২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা তদন্তে ২০০৪ সালের ২২ আগস্ট বিচারপতি মো. জয়নুল আবেদীনকে চেয়ারম্যান করে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার। মাত্র এক মাস ১০ দিনের মাথায় ওই বছরের ২ অক্টোবর কমিশন সরকারের কাছে ১৬২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। তবে সরকার আজ পর্যন্ত প্রতিবেদনটি প্রকাশ করেনি। তদন্ত কমিশনের এই প্রতিবেদন প্রথম আলোর কাছে রয়েছে। বিচারপতি মো. জয়নুল আবেদীন এখন অবসরপ্রাপ্ত। কমিশনের প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার পেছনে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। অভিযানটি পরিচালনা করা হয়েছিল ভাড়া করা দুর্বৃত্তদের মাধ্যমে। এসব লোক প্রধানত একটি সংগঠনের সশস্ত্র ক্যাডারদের মধ্য থেকে নেওয়া হয়, যাদের সমাবেশে ভিড়ের মধ্যে মিশে যাওয়ার মতো ভালো জ্ঞান ছিল।প্রতিবেদনে বিদেশি শক্তি বলতে কোনো দেশের নাম বলা হয়নি। তবে ২০০৪ সালের ৪ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত এক সাক্ষাত্কারে বিচারপতি মো. জয়নুল আবেদীন বৃহৎ প্রতিবেশী শক্তি হিসেবে ভারতকে ইঙ্গিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের কিছু গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল পুরো অভিযানে। এটি সম্ভব হলে বাংলাদেশে গৃহযুদ্ধের সূত্রপাত ঘটত এবং পরিণতিতে বর্তমান জোট সরকারের পতন হতো, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারত। এ পরিস্থিতির সুযোগ নিয়ে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলে একটি পুতুল সরকার বসাত।এনএসআইয়ের তত্কালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ২০০৪ সালের ২২ সেপ্টেম্বর কমিশনের কাছে তাঁর বক্তব্য দেন। তাঁর শপথপূর্বক ওই বক্তব্যের সারসংক্ষেপ তদন্ত কমিশনের প্রতিবেদনে সংযুক্ত করা হয়েছে। এতে বলা হয়, ‘ঘটনার সময় তিনি (এনএসআইয়ের মহাপরিচালক) দেশে ছিলেন না। তবে বিদেশে যাওয়ার সময় তাঁর সেকেন্ড-ইন-কমান্ডসহ অফিসারদের তিনি বিশেষ সাবধানতা অবলম্বন করার এবং তত্পর থাকার পরামর্শ দিয়ে যান।আবদুর রহিম তাঁর সাক্ষ্যে বলেন, নারায়ণগঞ্জের শামীম ওসমান কানাডা থেকে ঘটনার বেশ কিছু আগে পার্শ্ববর্তী একটি দেশের বিশেষ একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীর নিজ গ্রামে অবস্থান করে ওই দেশের শক্তিশালী গোয়েন্দা সংস্থার সঙ্গে বাংলাদেশে একটি দুর্ঘটনা ঘটানোর জন্য বিশেষ ষড়যন্ত্রে লিপ্ত হন। এর সঙ্গে তাঁর মতো আরও দু-একজন স্বেচ্ছায় নির্বাসিত বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মকর্তা জড়িত রয়েছেন। আবদুর রহিম বলেন, উদীচী থেকে আজ পর্যন্ত যত নাশকতামূলক ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটেছে, তার প্রায় সব কটিই ওই বিশেষ দেশের শক্তিশালী গোয়েন্দা সংস্থা কর্তৃক ঘটানো হয়েছে। এ সংস্থাটি সব সময় অনেক দূর ও নেপথ্যে থেকে এ দেশেরই কিছু বিপথগামী লোক দিয়ে ঘটনা ঘটিয়েছে। আবদুর রহিম বর্তমানে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার আছেন।