বিএনপি আর সংসদে ফিরবে না: সাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বলেছেন, ‘বিএনপি আর সংসদে ফিরবে না। সরকার আমাদের কাঁথা-বালিশ টেনে নিয়ে গেছে। সংসদে কীভাবে যাব? যাওয়ার কথা উঠছে কেন?’ গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সাকা চৌধুরী বিএনপির সাংসদদের পদত্যাগপত্রে সই নিয়ে রাখার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটা কোনো বড় ঘটনা নয়। আওয়ামী লীগের কাছ থেকে আমরা এ শিক্ষা পেয়েছি।’ জাতীয় সংসদ সম্পর্কে তিনি বলেন, সংসদ এখন মুদ্রাকরের ভূমিকা পালন করছে। তারা এখন সংবিধান ছাপানোর দায়িত্ব নিয়েছে। অথচ সংবিধানের ৬৫/১ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের দায়িত্ব আইন প্রণয়ন করা।খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের কথা তুলে ধরে সাকা চৌধুরী বলেন, একজন ব্যক্তিকে বের করা নয়, এর মাধ্যমে জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়েছে, জাতীয় পতাকাবাহী গাড়ি বের করে দেওয়া হয়েছে। অথচ সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে, জাতীয় পতাকার মান সমুন্নত রাখা। তিনি বলেন, খালেদাকে বাড়ি থেকে বের করার কাজে সেনাবাহিনীকে ব্যবহার করে সরকার তাদের বিতর্কিত করেছে, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে।খালেদা জিয়ার বাড়ি নিয়ে বিএনপি ও আইএসপিআরের মধ্যে সৃষ্ট সাম্প্রতিক বক্তব্যেরও জবাব দেন সাকা চৌধুরী। আইএসপিআর সম্পর্কে তিনি বলেন, ‘ওরা আমাদের খাজনা খাওয়া চাকর। ওরা কী ব্যবস্থা নেবে।’প্রসঙ্গত, খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছাড়ার পর সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাঁকে জোর করে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। পাল্টা বক্তব্যে আইএসপিআর বলেছিল, খালেদা জিয়া সঠিক বলেননি। তিনি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন।সাকা চৌধুরী বর্তমান সরকারকে ব্যর্থ উল্লেখ করে বলেন, এরা কোনো কাজেই সফল হতে পারছে না। আর এর দায় চাপাচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ার ওপর। তিনি বলেন, ‘দয়া করে এই গান বন্ধ করুন। জনগণ আর এটা শুনতে চায় না।’