বিএনপি আয়কর নথি খুলেছে বেসরকারি সংস্থা হিসেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার গঠন মূল লক্ষ্য হলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে আয়কর নথি খুলতে হয়েছে বেসরকারি সংস্থা হিসেবে। গত বুধবার প্রধান বিরোধী দল বিএনপি ২০০৯-১০ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার ঘটনা এটাই প্রথম। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী আয়করদাতাদের যে শ্রেণীবিভাজন রয়েছে, তাতে রাজনৈতিক দলের নাম নেই। যে কারণে বিএনপিকে বেসরকারি সংস্থা হিসেবে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক স্বচ্ছতা রক্ষার জন্য এ হিসাব দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে, নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য এনবিআরে হিসাব জমা দেওয়ার আইনি কোনো বাধ্যবাধকতা নেই। এনবিআরের আয়কর বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বিএনপি আয়ের উৎস হিসেবে দেখিয়েছে সদস্যদের চাঁদা ও অনুদানকে। কিন্তু কোনো সদস্যই ছয় হাজার টাকার বেশি চাঁদা বা অনুদান দেননি। বিএনপির আয়কর নথিতে এমন ৪৬৫ জন অর্থদাতার তালিকাও রয়েছে। তবে তালিকায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের অনেকের নামই নেই।আয়কর নথি অনুযায়ী, বিএনপি গত অর্থবছর শুরু করেছিল সাড়ে ৩৮ লাখ টাকা উদ্বৃত্ত নিয়ে। আর পুরো অর্থবছরে সদস্যদের চাঁদা ও অনুদান থেকে সংগ্রহ করেছে প্রায় চার কোটি ৮১ লাখ টাকা এবং ব্যয় দেখিয়েছে ৩৬ লাখ ৩১ হাজার টাকা।অন্যদিকে দলটির ব্যয়ের অন্যতম খাত হিসেবে দেখানো হয়েছে জন্মদিন, মৃত্যুবার্ষিকীসহ সভা-সমাবেশকে। জন্মদিন ও মৃত্যুবার্ষিকী পালন করতে পাঁচ থেকে ছয় লাখ টাকা ব্যয় করা হয়েছে। আর রাজধানী ও বিভাগীয় পর্যায়ে প্রতিটি সভা-সমাবেশে ব্যয় দেখানো হয়েছে তিন থেকে চার লাখ টাকা। এ ছাড়া বিএনপির একাধিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, টেলিফোন বিল বাবদও ব্যয় দেখানো হয়েছে। এসব ব্যয় বাবদ বিএনপি খরচ করেছে ৩৬ লাখ ৩১ হাজার টাকা। বিএনপির হিসাবে থাকা উদ্বৃত্ত অর্থ ব্যাংকে রক্ষিত রয়েছে। বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের এই হিসাব দাখিলের পরপরই এনবিআর ও কর অঞ্চল-৫-এর কর্মকর্তাদের মধ্যে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে বিএনপিকে বেসরকারি সংস্থা হিসেবে বিবেচনা করা হলে তার ওপর কর আরোপিত হবে কি না, হলে কীভাবে হবে—সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, রাজনৈতিক দলের নিবন্ধন বিধি ২০০৮-এর বিধান অনুসারে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলকে পূর্বের পঞ্জিকা বছরের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এ হিসাব নিবন্ধিত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দ্বারা নিরীক্ষা করিয়ে নিতে হয়। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ এইচ এর বিধান অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল পর পর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সেই দলের নিবন্ধন বাতিল হবে। এ আইনের বিধান মেনে গত বছরের ৩১ জুলাই এবং পরবর্তী সময়ে বর্ধিত সময়সীমা ৩১ আগস্টের মধ্যে সব দলই তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে কোন দল কত টাকার হিসাব জমা দিয়েছে, সে তথ্য কমিশন এখনো প্রকাশ করেনি। বিএনপি গত ২৯ ডিসেম্বর বুধবার কর অঞ্চল-৫-এর সার্কেল-৪৭ এ ২০০৯ সালের জুলাই থেকে ২০১০ সালের জুন মাস পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। হক অ্যান্ড কোম্পানি তাদের হিসাব নিরীক্ষা করেছে। প্রায় এক বছর আগে টিআইএন নেয় বিএনপি। বিএনপির টিআইএন-এ ‘স্ট্যাটাস অব ট্যাক্সপেয়ার্স’-এর নম্বর দেওয়া হয়েছে ‘৪০০’। সাধারণত আয়করদাতার স্ট্যাটাস নির্ধারণের জন্য টিআইএনে ব্যক্তির ক্ষেত্রে ‘১০০’, কোম্পানির ক্ষেত্রে ‘২০০’, অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘৩০০’ এবং অন্যান্য সব আয়করদাতার জন্য ‘৪০০’ বসানো হয়। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ২(৪৬) ধারায় সব করদাতাকে সাত শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলো হলো একক ব্যক্তি, অংশীদারি প্রতিষ্ঠান, যৌথ হিন্দু পরিবার, ব্যক্তিসংঘ, স্থানীয় কর্তৃপক্ষ, কোম্পানি এবং বিধিবদ্ধ কৃত্রিম ব্যক্তিসত্তা। কিন্তু রাজনৈতিক দল এর কোনোটির মধ্যেই পড়ে না। তবে ব্যক্তিসংঘ শ্রেণীর কাছাকাছি রয়েছে বলে মনে করছে আয়কর বিভাগ। সমবায় সমিতি, ক্লাব, বণিক সংঘ, সহ-মালিক, সহ-উত্তরাধিকারী ইত্যাদি ব্যক্তিসংঘের আওতাভুক্ত। বিএনপির এনবিআরে হিসাব জমা দেওয়া সম্পর্কে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে জানান, বিএনপি কী ধরনের প্রতিষ্ঠানের কোটায় হিসাব জমা দিয়েছে বা কত টাকার হিসাব দিয়েছে, সেটা তাঁর জানা নেই। তিনি বলেন, যেকোনো প্রতিষ্ঠানই স্বচ্ছতা রক্ষার জন্য এনবিআরে হিসাব জমা দিতে পারে। বিএনপিও তা-ই করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, রাজনৈতিক দলকে আর্থিক আয়-ব্যয়ের হিসাব এনবিআরে জমা দিতে হবে—আইনে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আইন অনুযায়ী যে ধরনের প্রতিষ্ঠানকে আয়-ব্যয়ের হিসাব দিতে হয়, সে তালিকায় রাজনৈতিক দল পড়ে না। সুতরাং বিএনপি কেন এনবিআরে হিসাব দিয়েছে, সেটা তারাই ভালো বলতে পারবে। তবে কমিশনার এম সাখাওয়াত হোসেনের মতে, আইনি বাধ্যবাধকতা না থাকলেও যেকোনো প্রতিষ্ঠাই চাইলে এনবিআরে হিসাব জমা দিতে পারে। আবার এনবিআরও যেকোনো প্রতিষ্ঠানের কাছে হিসাব চাইতে পারে। একই বিষয়ে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন ও বিধি অনুযায়ী এনবিআরে আর্থিক বছরের হিসাব জমা দেওয়ার কোনো বিধান নেই। রাজনৈতিক দলকে পঞ্জিকা বছরের হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে। কিন্তু এনবিআরে হিসাব দেওয়ার প্রশ্নই আসে না।