বিএনপি ইস্যু তৈরির জন্য উপনির্বাচনে প্রার্থী দিয়েছে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপি ইস্যু তৈরির জন্য উপনির্বাচনে প্রার্থী দিয়েছে। তাদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কারণ তারা সংসদে যায় না এবং জনগণের কথা বলে না।আজ রোববার সন্ধ্যায় হবিগঞ্জ-১ উপনির্বাচনে জাপার প্রার্থী এম এ মুমিন চৌধুরীর পক্ষে নবীগঞ্জ উপজেলা সদরে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।এরশাদ বলেন, ‘মহাজোট হওয়ার কারণে বিগত নির্বাচনে আপনাদের কাছে আমি ভোট চাইতে আসিনি। সিলেটের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এবার উপনির্বাচনে দল থেকে প্রার্থী দেওয়ায় আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। এটা জনপ্রিয়তা যাচাইয়ের মাঠ। আশা করি, এবারের উপনির্বাচনে আপনারা লাঙলে ভোট দিয়ে জয়ী করবেন।’ হবিগঞ্জ-১ আসনে লাঙলের এই বিজয় ভবিষ্যতে জাতীয় পার্টির সরকার গঠনের সূচনা ঘটাবে বলেও মন্তব্য করেন তিনি।নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে এই নির্বাচনী সভায় জাতীয় পার্টির মহাসচিব সাংসদ রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন, সাংসদ নবাব আলী আব্বাস খান, মেজর (অব.) এম খালেক, লুত্ফুর রহমান, সুনীল শুভ্র রায়, জাপার প্রার্থী এম এ মুনিম চৌধুরী, জাপা জেলা সভাপতি আতিকুর রহমান ও সম্পাদক শঙ্কর পাল উপস্থিত ছিলেন।