বিএনপি এ দেশকে পাকিস্তান বানাতে চায়
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিজয়ের মাসে যেখানে সারা জাতি আনন্দ করবে, বিএনপি সেখানে অবরোধের কর্মসূচি দেয়। এ মাসে রাজপথ অবরোধের কর্মসূচি দেওয়া কেবল পরাজিত শক্তির পক্ষেই সম্ভব। বিএনপি এ দেশকে পাকিস্তান বানাতে চায়। সে কারণেই তারা বিজয়ের আনন্দে অংশ নিতে চায় না। আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বাসসের।মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনের সময় দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, কোনো অনির্বাচিত সরকার নয়। কোনো হুমকি-ধমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগের কাছ থেকে কোনো অসাংবিধানিক দাবি আদায় করা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলেও তিনি মন্তব্য করেন। বিএনপিকে যুদ্ধাপরাধীদের দোসর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এদের সাংস্কৃতিক, রাজনৈতিক ও প্রশাসনিকভাবে প্রতিহত করতে হবে।আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে উল্লেখ করে নাসিম আরও বলেন, বিজয় দিবসে আন্দোলন কর্মসূচি দিয়ে তারা চক্রান্তে লিপ্ত হয়েছে। বিজয়ের মাসেই এসব চক্রান্তকারীর মুখোশ উন্মোচন করতে হবে। বিজয়ের মাসে জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে মাসব্যাপী রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।বিজয় দিবস উপলক্ষে গৃহীত মাসব্যাপী কর্মসূচি সফল করতে ঢাকার পার্শ্ববর্তী জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিজয় দিবস উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসসহ ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জ জেলার দলের সভাপতি, সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।বিজয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে ডিসেম্বরে সারা দেশে মাসব্যাপী কর্মসূচির সূচনায় আগামী ৩ ডিসেম্বর সকাল সাতটায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। এর মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন হবে। একই দিন বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ ছাড়া দলটির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ১১ ডিসেম্বর, মুক্তিযোদ্ধা সংসদ ১৮ ডিসেম্বর, শ্রমিক লীগ ১৯ ডিসেম্বর, যুব মহিলা লীগ ২২ ডিসেম্বর, তাঁতি লীগ ২৮ ডিসেম্বর, মহিলা আওয়ামী লীগ ৩০ ডিসেম্বর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে সোহরাওয়ার্দী উদ্যানে। এ মাসে সারা দেশে আওয়ামী লীগের সব সংগঠন একই কর্মসূচি উদযাপন করবে।