বিএনপি এখন মরণকামড় দিচ্ছে: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেছেন, যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি পরিকল্পিতভাবে নাটোর ও সিরাজগঞ্জের ঘটনা ঘটিয়েছে। বিচারকাজ বাধাগ্রস্ত করতে বিএনপি এখন মরণকামড় দিচ্ছে। নাটোর ও সিরাজগঞ্জের ঘটনা তার প্রমাণ। দুটি ঘটনাই পরিকল্পিত। এগুলোকে বিছিন্ন করে দেখলে হবে না বলে তিনি মন্তব্য করেন। আজ শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘যুদ্ধারপাধ বিচারে ঐকমত্য: বাধা, প্রতিরোধ’ শীষর্ক আলোচনা অনুষ্ঠান আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করে ‘জনতার প্রত্যাশা’ শীর্ষক একটি প্রতিষ্ঠান।আইন প্রতিমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের চেয়ে বড় অপরাধী তারা, যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়।’ তিনি অভিযোগ করেন, ‘জনগণের জন্য বিএনপির কোনো রাজনীতি নেই। তারা জনগণ নিয়ে চিন্তাও করে না। তারা শুধু আন্দোলন করে খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যদের মামলা বাতিল নিয়ে।’ আইন প্রতিমন্ত্রী জানান, যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটাররা ১২ জন যুদ্ধাপরাধীর তালিকা করেছেন। এ তালিকা সরকারের পক্ষ থেকে ফরমাইস দিয়ে তৈরি করা হয়নি। তদন্ত করে এ তালিকা করা হয়েছে। এখনো যাদের গ্রেপ্তার করা হয়নি ট্রাইব্যুনাল তাদের শিগগিরই গ্রেপ্তারের নির্দেশ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ডে উঁচু মাপের আইনে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। প্রশ্নবিদ্ধ কোনো বিচার হবে না। রাজনৈতিকভাবে কাউকে কাঠগড়ায় দাঁড় করানো হবে না।’সিরাজগঞ্জে ইচ্ছা করে নাশকতা তৈরি করে পাঁচজনকে হত্যা করা হয়েছে অভিযোগ করে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘এর দায় কে নেবে? খালেদা জিয়ার বিরুদ্ধে এ জন্য মামলা করা উচিত।’ অনুষ্ঠানে উপস্থিত বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিক বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার হলে দেশ বিভক্ত হবে না। দেশ দায় ও কলঙ্কমুক্ত হবে।’