সংসদের আসন্ন অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। এ নিয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে এখন পর্যন্ত আলোচনাও হয়নি বলে একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন।এদিকে গতকাল শুক্রবার সংসদ ভবনে দারিদ্র্যবিরোধী সমাবেশে স্পিকার আবদুল হামিদ বিএনপিকে সংসদে যোগদানের আহ্বান জানিয়েছেন। এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক কয়েকটি শর্ত দিয়ে বলেছেন, এসব শর্ত মানলে বিএনপি সংসদে যাবে।তবে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা ও সাংসদ জানিয়েছেন, আগামী সোমবার থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিএনপির যোগ দেওয়াটা অনিশ্চিত।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, আসন্ন অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তা ছাড়া সংসদে গিয়ে কোনো লাভ নেই বলে মনে করেন দলীয় সাংসদেরা। তিনি বলেন, সরকারি দল বিরোধী দলের প্রতি ন্যূনতম সৌজন্যটুকু দেখাতে নারাজ। এ অবস্থায় সংসদে গিয়ে বসে থাকার কোনো মানে নেই। সাংসদ রেহানা আক্তার গতকাল প্রথম আলোকে বলেছেন, ‘সংসদে যোগ দেওয়ার ব্যাপারে আমাদের এখনো কোনো কিছু জানানো হয়নি।’ বিএনপির আরও কয়েকজন সাংসদ বলেছেন, দলটির কয়েকজন প্রভাবশালী সাংসদ ও কেন্দ্রীয় নেতার মধ্যেও আসন্ন অধিবেশনে যাওয়া না-যাওয়া নিয়ে মতভেদ আছে। দলের কিছু নেতা মনে করেন, সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবং পঞ্চম ও সপ্তম সংশোধনীর ব্যাপারে অবস্থান তুলে ধরতে বিএনপির সংসদে যাওয়া উচিত। আবার আরেক অংশ মনে করে, সংসদে গিয়ে বিএনপির কোনো লাভ নেই। এম কে আনোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী গালিগালাজ করেন। সংসদে মিথ্যা তথ্য দিয়ে বিএনপিকে হেয় করেন। বিএনপি তা খণ্ডন করতে গেলে মাইক বন্ধ করে দেওয়া হয়।’ তিনি বলেন, পরিবেশ তৈরি হলে বিএনপি সংসদে যাবে। আর এটা করতে হবে সরকারি দলকে।দলটির অপর একটি সূত্র জানায়, সংসদে যাওয়া না-যাওয়া নিয়ে আজকালের মধ্যে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে খালেদা জিয়া আলোচনা করতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, আসন্ন অধিবেশন সম্পর্কে দলীয় চেয়ারপারসনকে কোনো নেতা অবহিত করেননি। সংসদে যাওয়ার গুরুত্ব সম্পর্কে তাঁকে বোঝানো হয়নি। তবে চলতি অধিবেশনে এক দিনের জন্য হলেও বিএনপির যোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘আমি কাল (আজ শনিবার) ম্যাডামের সঙ্গে কথা বলব। তাঁকে সংসদে যাওয়ার ব্যাপারে অনুরোধ করব। বিশেষ করে পঞ্চম ও সপ্তম সংশোধনীর ব্যাপারে বক্তব্য তুলে ধরতে সংসদে যাওয়া দরকার বলে তাঁকে বোঝাব।’এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন সংসদে যাওয়ার ব্যাপারে যেসব শর্তের কথা বলেছেন, তা ঠিক আছে। তবে এই তিন দিনের মধ্যে সরকার তা মেনে নেবে, এটা ভাবা ঠিক নয়। তিনি বলেন, ‘জয়নালের কোয়ালিটির সমস্যা আছে। বাড়ি নোয়াখালী বলে ধরে নিয়েছে, সে অনেক বুদ্ধিমান।’সংসদে যোগ দিতে আবারও শর্ত: সংসদে ফেরার জন্য আবারও নানা শর্ত দিয়েছে বিএনপি। এর মধ্যে দুটি নতুন শর্ত যোগ হয়েছে। তা হলো, যুদ্ধাপরাধের বিচারের নামে বিরোধী দলকে জড়ানোর চেষ্টা বন্ধ ও আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তি বাতিলের আদেশ প্রত্যাহার। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক গতকাল সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব শর্ত তুলে ধরেন। অন্য শর্তের মধ্যে রয়েছে—সংসদে সামনের সারিতে বিরোধী দলের আসন বাড়ানো; বিডিআর বিদ্রোহ, টিপাইমুখ বাঁধ, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পানি-বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে যেসব মুলতবি প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা; বিরোধীদলীয় নেত্রীর বাড়িতে দৈনন্দিন কার্যসূচি ও সরকারি গাড়িসহ সব সুযোগসুবিধা প্রদান; বিএনপি নেতাদের মুক্তি, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ ও সংসদে উত্থাপন, রিমান্ডে নিয়ে তথ্য আদায় করে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা বন্ধ করা, জরুরি অবস্থায় ও বর্তমান সরকারের আমলে বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার প্রভৃতি। সংবাদ সম্মেলনে বিএনপির কোনো জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন না। ছিলেন লক্ষ্মীপুরের সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান ও সংরক্ষিত নারী আসনের দুই সাংসদ সৈয়দা আসিফা আশরাফী ও রাশিদা বেগম। সংসদে যাবেন কি না—এ প্রশ্নের জবাবে জয়নাল আবদিন বলেন, ‘আমাদের দল আছে, সংসদীয় কমিটি আছে। তাদের সঙ্গে আলোচনা করে জানাব।’