বিএনপি-এলডিপির ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের ব্যাপার: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি-এলডিপির ঐক্যবদ্ধ আন্দোলন শুরু এখন সময়ের ব্যাপার মাত্র। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত পদক্ষেপ চূড়ান্ত করা হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের উত্তরার বাসায় আজ বুধবার দুই দলের মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল এ কথা বলেন। দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে আন্দোলনের ধরন, ঐক্যের খসড়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।মির্জা ফখরুল বলেন, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে এলডিপি একসঙ্গে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এলডিপি বিএনপির কাছে বেশ কিছু সুপারিশ করেছে। সেগুলো নিয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।এলডিপির মহাসচিব জাহানারা বেগম বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এলডিপি বিএনপির সঙ্গে কাজ করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সে ব্যাপারে কিছু প্রস্তাব তাঁদের দেওয়া হয়েছে। তিনি বলেন, আরও আলোচনা হবে। এরপর ঐক্যবদ্ধভাবে দল দুটি কাজ করবে।মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান।অন্যদিকে জাহানারা বেগমের নেতৃত্বে এলডিপির প্রতিনিধিদলে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, দিদার বখত ও যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।প্রসঙ্গত, গত ১৯ জুলাই এলডিপির সভাপতি অলি আহমদের সঙ্গে তাঁর বাসায় মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করে। ওই বৈঠকে বিএনপির চেয়ারপারসনের ঐক্যের আহ্বান অলি আহমদের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। সেখান থেকে ঐক্যের খসড়া নিয়ে আলোচনার জন্য দুই দলের মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়।