বিএনপি এস্কান্দারের পক্ষে-বিপক্ষে বিভক্ত, আ.লীগে ‘সবাই রাজা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদরের মতো দাগনভূঞা ও সোনাগাজীতেও বিএনপি দুই ভাগে বিভক্ত। পৌর নির্বাচনে দুই পক্ষই আলাদা প্রার্থী দিয়েছে। এ দুই পৌরসভায় দলের সমর্থন তোয়াক্কা না করে আওয়ামী লীগের ‘আমরা সবাই রাজা’ গোছের একাধিক প্রার্থী মাঠে। একমাত্র পরশুরামে বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই একক প্রার্থী দিতে পেরেছে এবং সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটাররা জানিয়েছেন। দলীয় কোন্দল, বিভক্তি ও একাধিক প্রার্থী থাকায় দাগনভূঞা ও সোনাগাজীতে কোনো প্রার্থীই নিজের বিজয় নিশ্চিত ভাবতে পারছেন না।সোনাগাজীতে বিভক্ত বিএনপি: সোনাগাজী পৌরসভায় মেয়র পদে জামাল উদ্দিনকে সমর্থন দিয়েছে সাইদ এস্কান্দারের নেতৃত্বাধীন বিএনপির জেলা কমিটি। প্রার্থী নির্বাচনের সময় এখানকার দলীয় সাংসদ মোশাররফ হোসেনের মতামত নেওয়া হয়নি। তাই সাংসদের সমর্থনে বিএনপির আরেক প্রার্থী হলেন ছাত্রদলের সোনাগাজী উপজেলার সভাপতি সৈয়দ আলম ভূঁইয়া।জানা গেছে, সাইদ এস্কান্দারের সঙ্গে মোশাররফ হোসেনের দ্বন্দ্ব পুরোনো। গত সংসদ নির্বাচনে এই তিক্ততা চরম পর্যায়ে পৌঁছায়। তখন অভিযোগ উঠেছিল, বিএনপিতে সাইদ এস্কান্দারের অনুসারীরা দলীয় প্রার্থী মোশাররফের পক্ষে ছিলেন না, তাঁরা স্বতন্ত্র প্রার্থী সাইদ হোসেন চৌধুরীর পক্ষে কাজ করেছেন। তখন জামাল উদ্দিনও ছিলেন মোশাররফের বিপক্ষে।গত বছর সাইদ এস্কান্দার জেলা কমিটির সভাপতি হয়েছেন এবং সোনাগাজী বিএনপির সাধারণ সম্পাদক পদ পেলেন জামাল উদ্দিন। অভিযোগ আছে, বিএনপির সোনাগাজী উপজেলা কমিটিতে স্থানীয় সাংসদের অনুসারীদের রাখা হয়নি। এ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। এরই জের ধরে পৌর নির্বাচনে বিএনপির দুই পক্ষ দুজনকে সমর্থন দিয়েছে।ছাত্রদলের সভাপতি ও মেয়র পদপ্রার্থী সৈয়দ আলম ভূঁইয়া অভিযোগ করেন, জামাল উদ্দিন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। তাই তিনি বিএনপি থেকে প্রার্থী হয়েছেন এবং স্থানীয় সাংসদ তাঁকে সমর্থন দিয়েছেন।বিএনপির সাইদ এস্কান্দার-সমর্থিত অংশের প্রার্থী জামাল উদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, তিনিই বিএনপির আসল প্রার্থী। সৈয়দ আলম ব্যক্তিগতভাবে ভোট করছেন। তাঁকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রদলকে অনুরোধ জানানো হয়েছে। তিনি বিএনপিতে দ্বন্দ্ব আছে স্বীকার করে বলেন, ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হওয়ায় তাঁর কিছু ভোট কাটা যাবে।এখানে চারদলীয় জোটের প্রধান শরিক জামায়াত প্রার্থী দিয়েছে পৌর আমির মো. হোসাইনকে। তিনি ২০০৩ সালে মেয়র পদে নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন। বিএনপি ও আওয়ামী লীগে একাধিক প্রার্থী থাকায় এবারও তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ভোটাররা মনে করছেন। মো. হোসাইন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান।আওয়ামী লীগে ডামি প্রার্থী কে: সোনাগাজীতে উপজেলা ও জেলা আওয়ামী লীগ প্রার্থী করেছে রফিকুল ইসলাম খোকনকে। তিনি উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক। ২০০৩ সালের পৌর নির্বাচনে তৃতীয় হয়েছিলেন। খোকনকে মেনে না নিয়ে প্রার্থী হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলম। দল তাঁকে বহিষ্কার করেছে। এঁদের দুজনের বাড়ি একই পাড়ায়, পৌরসভার তুলাতুলিতে। সাধারণ ভোটারদের ধারণা, তাঁদের মধ্যে ভোট ভাগাভাগি হবে।তবে খোকন দাবি করেন, নূর আলম ডামি প্রার্থী। ডামি প্রার্থী থাকলে সুবিধা আছে, তাই রাখা হয়েছে। দল থেকে বহিষ্কার করা হলো কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সাময়িক। সময় হলে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে।নূর আলম ডামি প্রার্থীর বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, ‘আমি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর খোকন উপজেলা উপপ্রচার সম্পাদক। পদের দিক দিয়ে অনেক ওপরে আমি। তাহলে ডামি প্রার্থী আমি, না তিনি?’আর আবু নাসের নামের একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। পারিবারিকভাবে তাঁরা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।মাদক ও জলদস্যু: সোনাগাজী দীর্ঘদিন ধরে জলদস্যুদের অভয়ারণ্য ও মাদকের আখড়া হিসেবে পরিচিত। গত ছয় মাসে জলদস্যুদের হামলায় শতাধিক জেলে আহত হয়েছেন। গত ২৯ জুলাই পাঁচজন জলদস্যুকে আটক করার পর ক্ষুব্ধ জেলেরা একজনকে পিটিয়ে মেরে ফেলেন।স্থানীয় বাসিন্দারা জানান, সব নির্বাচনেই প্রভাবশালী ব্যক্তিরা জলদস্যুদের ব্যবহার করে থাকেন। পৌর নির্বাচনকে কেন্দ্র করে রাতে মুখোশ পরে মোটরসাইকেল মহড়ারও সংবাদ পাওয়া গেছে। মেয়র পদপ্রার্থী সৈয়দ আলম ও নূর আলম দুজনই জলদস্যুদের নিয়ে শঙ্কা প্রকাশ করেন।এখানকার আরেক বড় সমস্যা মাদক ব্যবসা। স্থানীয় বাসিন্দারা জানান, পৌর এলাকার ১০-১২ স্থানে রাতে মাদকের আসর বসে। গত নভেম্বর ও ডিসেম্বর মাসে বিষাক্ত মাদক সেবন করে ছয়জনের মৃত্যু হয়।এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম, নরুল আনোয়ার, নেয়ামত উল্লাহ ও ইকবাল হোসেন জানান, হাত বাড়ালেই মদ, গাঁজা, ইয়াবা ট্যাবলেট এমনকি হেরোইনও পাওয়া যায়। যারা এই পৌর এলাকাকে মাদকমুক্ত করবেন, তাঁরা তাঁকেই ভোট দেবেন। ভোটাররা জলদস্যুদের নিয়ন্ত্রণেরও দাবি জানান।দাগনভূঞা: ফেনী জেলার মধ্যে মেয়র পদে সর্বাধিক নয়জন প্রার্থী দাগনভূঞায়। এর মধ্যে বিএনপির প্রার্থী দুজন। এঁরা হলেন বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন এবং পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আবদুল্লাহ। আকবর জেলা ও উপজেলা বিএনপি-সমর্থিত প্রার্থী। জেলা বিএনপির সিদ্ধান্তের পাল্টা কিছু করা ফেনীর রাজনীতিতে এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। দাগনভূঞায়ও এর ব্যতিক্রম হয়নি। এখানেও সাইদ এস্কান্দারকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য ভিপি জয়নাল ও মোশাররফ হোসেনের লোক বলে পরিচিত পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আবদুল্লাহ প্রার্থী হয়েছেন।আবদুল্লাহ বলেন, ‘আমি দুই সাংসদের প্রার্থী। সাধারণ ভোটাররাও আমার পাশে।’ তিনি দাবি করেন, আকবর হোসেন বিগত সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট করেননি। স্বতন্ত্র প্রার্থী সাইদ হোসেন চৌধুরীর পক্ষে ছিলেন।আকবর হোসেন বলেন, তিনি বিগত সময় মানুষের পাশে ছিলেন। এ জন্য দল তাঁকে মনোনয়ন দিয়েছে। আকবর বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ভাই। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জয়নাল হাজারীর ক্যাডার বাহিনীর বিপরীতে তিনিও আকবর বাহিনী গড়ে তুলে আলোচনায় আসেন।অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে নির্বাচিত প্রার্থী দাগনভূঞা ইকবাল মোমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান। আওয়ামী লীগের অন্য প্রার্থীরা হলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল হুদা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন ছাত্রলীগের সাবেক নেতা আবুল কায়েস।এ ছাড়া জামায়াত, জাতীয় পার্টি ও স্বতন্ত্র একজন করে প্রার্থী আছেন।জানা গেছে, আওয়ামী লীগের একক প্রার্থী নির্বাচনে যে ভোট হয়, তাতে ওমর ফারুক খান প্রথম হন। মো. হোসেন ও নুরুল হুদা তৃণমূলের ভোটে জয়ী হতে পারেননি। কিন্তু দুজনেরই দাবি, তৃণমূলের ভোটে ভোটারদের মতামতের প্রতিফলন ঘটেনি। এ জন্য তাঁরা প্রার্থী হয়েছেন।নুরুল হুদা জানান, তিনি দল থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে আগেও লড়াই করেছি। ভবিষ্যতেও করব। এ জন্যই প্রার্থী হয়েছি।’ফারুক খান বলেন, তৃণমূল তাঁকে ভোট দিয়ে মনোনয়ন দিয়েছে। তাঁর সঙ্গে দলের নেতা-কর্মীরা আছেন।আরেক প্রার্থী মো. হোসেন জয়নাল হাজারীর লোক বলে পরিচিত। তাঁর দুই ছেলে জয়নাল হাজারীর স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন। জয়নাল হাজারীর অনুসারীরা জেলার সব পৌরসভায়ই দলীয় প্রার্থীর প্রতিপক্ষ হিসেবে পরিচিত।পরশুরাম: আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই একক প্রার্থী দিয়েছে পরশুরামে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নিজাম উদ্দিন চৌধুরী। শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন চৌধুরী নাসিমের চাচাতো ভাই হিসেবেই তিনি বেশি পরিচিত। বিএনপির প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব। ভোটারদের ধারণা হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে।