দেশজুড়ে গত কয়েক দিনে নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। এদিকে দেশব্যাপী ‘গণহত্যার’ প্রতিবাদে ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া দলীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে পৃথক গণবিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। এ ছাড়া নিহত ব্যক্তিদের জন্য ৯ মার্চ গায়েবানা জানাজা পড়বে বিএনপি।সকাল-সন্ধ্যা হরতাল শেষে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পুলিশ-র্যাব ও ‘সরকারদলীয় সশস্ত্র ক্যাডারদের’ হাতে ব্যাপক প্রাণহানির প্রতিবাদে বিকেল তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে। দেশের সব জেলা সদর ও মহানগরেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ষষ্ঠ ‘কারাবন্দী দিবস’ উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে আগামীকাল বিকেল তিনটায় নয়াপল্টনে ও পরদিন শুক্রবার মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে বেলা তিনটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে।জামায়াতের গণবিক্ষোভ কর্মসূচি: এদিকে দেশব্যাপী আজ গণবিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কর্মসূচির ঘোষণা দেন। দেশব্যাপী ‘গণহত্যার’ প্রতিবাদে ও একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত দলের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকার ‘গণহত্যা’ চালিয়ে তা জামায়াতের তাণ্ডব বলে মিথ্যাচার চালাচ্ছে। একইভাবে সরকারি দলের লোকেরা হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা চালিয়ে তা জামায়াত-শিবিরের ওপর চাপিয়ে দেওয়ার অপকৌশল নিয়েছেন।গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ায় সেদিন থেকে জামায়াত-শিবির দেশজুড়ে তাণ্ডব শুরু করে। জামায়াতের ডাকা দুই দিনের হরতালসহ সোমবার পর্যন্ত ব্যাপক সহিংসতায় সাধারণ মানুষ, জামায়াত-শিবিরের কর্মী ও পুলিশসহ অন্তত ৭৪ জন নিহত হয়েছে।এদিকে পৃথক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে চট্টগ্রামের ১০ আলেমকে জামায়াত-শিবিরের হত্যার পরিকল্পনা-সংক্রান্ত খবরের প্রতিবাদ জানিয়েছেন। এ খবরকে তিনি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।