প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। তাঁরা হলেন—যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, বিএনপির মানবাধিকার-বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ।মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) এম এ জলিল প্রথম আলোর কাছে দাবি করেন, এই পাঁচজনকে ককটেল হামলার আগে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।এ তথ্যের উৎস সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, ‘আমরা গুপ্তচরের মাধ্যমে জানতে পেরেছি।’ তিনি আরও বলেন, খালেদা জিয়ার বাড়ির ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিচার বিভাগকে বিব্রত করতে ষড়যন্ত্রমূলকভাবে এ হামলা চালানো হয়েছে।গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের হেয়ার রোডের সরকারি বাসভবনে দুটি ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে রমনা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করে। মামলার এজাহারে ওই পাঁচ নেতাকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়। এঁদের ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায়’ ফাঁসানো হয়েছে বলে যুবদলের পক্ষ থেকে এক বিবৃতিতে অভিযোগ করা হয়।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান প্রথম আলোকে বলেন, যাঁদের সন্দেহ করা হচ্ছে, তাঁদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তাঁদের কাউকে পাওয়া যায়নি।