বিএনপি কার্যালয় অবরুদ্ধ, জামাল শরীফ আটক
১৮ দলীয় জোটের ডাকা হরতালকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যত অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। দুপুর ১২টার দিকে কার্যালয়ে ঢুকতে গেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফকে আটক করে পুলিশ। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।বিএনপির কার্যালয়ের প্রবেশমুখের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান করছে পুলিশ। এ ছাড়া দলীয় কার্যালয়ের বিপরীত দিকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ বেশ কিছু নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন।সকাল পৌনে নয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব পাশে জোনাকি সিনেমা হলের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই এলাকায় সকাল ১০টার দিকে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের বিপরীত দিকে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।