বিএনপি ক্ষমতায় গেলে দুই আবুল রক্ষা পাবেন না
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এই সরকারের কাছে আবুল বড়, না দেশ বড়, তা প্রমাণ হয়েছে। দুই আবুলকে দুর্নীতির মামলা থেকে বাদ দিয়ে সরকার বাংলাদেশকে বিশ্বে দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধনে জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন।বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, ‘পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে যে মামলা করা হয়েছে, তা লোক দেখানো। সরকার যা বলছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) তা-ই করে যাচ্ছে। এখন দুই আবুলকে বাদ দেওয়া হলেও জাতীয়তাবাদী শক্তি ক্ষমতা গেলে তাঁরা রক্ষা পাবেন না।’ জয়নুল আবদিন ফারুক দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ আটক নেতাদের মুক্তির দাবি জানিয়ে বলেন, ২৪ ডিসেম্বর তাঁকে নিঃশর্ত জামিন না দিলে আন্দোলন আরও বেগবান হবে। শুধু ফখরুল নন, সব নেতাকে আটক করলেও চলমান আন্দোলন থামবে না।পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগে ১৭ ডিসেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সাতজনকে আসামি করা হয়; বাদ দেওয়া হয় বহুল আলোচিত সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর নাম।