বিএনপি গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সব সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করে, অন্য কোনো প্রক্রিয়া দলটির কাছে গ্রহণযোগ্য নয়। এ ধরনের কোনো প্রক্রিয়াকে বিএনপি সমর্থনও করে না। রাজধানীর পল্টনে ২০০১ সালে বোমা হামলায় নিহত কমিউনিস্ট নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আজ শুক্রবার সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘সেনাবাহিনী আমাদের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আমরা একটি সুশৃঙ্খল সেনাবাহিনী চাই।’ গতকাল বৃহস্পতিবার সেনা সদর দপ্তর এক সংবাদ সম্মেলনে জানায়, কয়েকজন সাবেক ও বর্তমান ধর্মান্ধ সেনা কর্মকর্তা দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার প্রচেষ্টা চালায়। যা সেনাবাহিনী নস্যাত্ করে দিয়েছে। সম্প্রতি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে খালেদা জিয়ার বক্তব্যের প্রতি ইঙ্গিত করে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সেনা সদরের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা অনভিপ্রেত। খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বিরোধী দলের নেত্রী। যে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা যুদ্ধের ঘোষক এবং সেনাবাহিনী তৈরি করেছেন—সেই দলটি সম্পর্কে এ ধরনের বক্তব্য জনগণ বিশ্বাস করবে না।একটি দল আন্দোলনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাত্ করতে চাইছে—প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনের মাধুরী মিশিয়ে কথা বলেন। প্রায়ই অসত্য ও দায়িত্বজ্ঞানহীন কথা বলেন। তাঁর বক্তব্য কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দেয়, তা জনগণই বিচার করবে। তবে প্রধানমন্ত্রীর দায়িত্বশীল কথা বলা উচিত বলে তিনি মন্তব্য করেন।এ সময় বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।