বিএনপি গণহত্যাকারীদের পক্ষে মাঠে নেমেছে, অভিযোগ ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের পক্ষে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছে ১৪ দল। আজ শুক্রবার বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ অভিযোগ করেন। মোহাম্মদ নাসিমের দাবি, ‘যারা ১৯৭১ সালে ৩০ লাখ মানুষকে হত্যা এবং দুই লাখ মা-বোনকে নির্যাতন করেছিল, বিএনপি সেই গণহত্যাকারীদের পক্ষ নিয়েছে। তাদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির সারা দেশে তাণ্ডব চালাচ্ছে।’ এ সময় জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে ২, ৩ ও ৪ মার্চ সারা দেশে ১৪ দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূূচি ঘোষণা করা হয়। খালেদা জিয়া বিদেশ থেকে ফিরেই অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মাঠে নেমে গেছেন বলে অভিযোগ করে নাসিম বলেন, ‘জামায়াত-শিবির সুপরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের প্রত্যক্ষ দোসর।’ আইনে সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ থাকা সত্ত্বেও কেন নৃশংসতা, এ প্রশ্ন তোলেন তিনি। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ‘জামায়াত-শিবির সারা দেশে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সংখ্যালঘুদের ওপর হামলা করেছে। তাদের এ প্রকাশ্য তাণ্ডব প্রমাণ করে তারা দেশের আইন, সার্বভৌমত্ব ও স্বাধীনতা মানে না। তাদের কাছে দেশের স্বাধীনতা নিরাপদ নয়।’দেলাওয়ার হোসাইন সাঈদীর বিপক্ষে দেওয়া রায় সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘জাতির প্রত্যাশা অনুযায়ী একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুদ্ধিজীবী, বিশিষ্ট ব্যক্তিসহ দেশের সর্বস্তরের মানুষ এ রায় মেনে নিয়েছে। শুধু মানেনি জামায়াত। আর তাদের প্রকাশ্যে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি।’ জামায়াত-শিবির মোকাবিলায় ১৪ দলের নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গতকাল বৃহস্পতিবার ১৪ দলের নেতা-কর্মী ও জনগণ প্রতিরোধ করেছে বলেই জামায়াত-শিবির মাঠে টিকতে পারেনি।সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম প্রমুখ।