বিএনপি ঘুমন্ত শ্রমিকদের হত্যা করে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ঘুমন্ত শ্রমিকদের হত্যা করে। শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারকেও তারা হত্যা করেছে। রক্ত নেওয়াই বিএনপির চরিত্র। হরতালেও তারা পাঁচজনকে হত্যা করছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর অদূরে শিল্পাঞ্চল খ্যাত গাজীপুরের টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থা মাঠে জাতীয় শ্রমিক লীগের জনসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।শেখ হাসিনা জানান, বর্তমান সরকারের কাছে শ্রমিকদের কিছু চাইতে হয় না। সরকারের পক্ষ থেকেই শ্রমিকদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হচ্ছে। বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার মিলে চালের কেজি ৪০ টাকায় নিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে ২৮ টাকায় চাল পাওয়া যাচ্ছে। শ্রমিকদের ছেলে-মেয়ে নিয়ে খেয়ে পরে বেঁচে থাকা নিশ্চিত করতে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) মাধ্যমে চাল সরবরাহ করা হচ্ছে। ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট করার সুযোগ রয়েছে, বিদ্যুতে শতকরা ২০ ভাগ রেয়াত দেওয়া হচ্ছে, পোশাক কারখানার শ্রমিকদের ন্যুনতম বেতন পনেরো শ টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার টাকা করা হয়েছে।প্রধানমন্ত্রী আরও জানান, ‘আমাদের সরকার গত তিন বছরে ৬৮ লাখ শ্রমিকের নতুন চাকুরির ব্যবস্থা করেছে। একটি তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। বাংলাদেশকে আত্মনির্ভরশীল করে শিক্ষিত জাতি গড়ে একটি সোনার বাংলা গড়ে তুলব।’বিরোধী দলের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ চায় দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে, আর বিরোধী দল হরতাল দিয়ে আমাদের ছেলে-মেয়েদের পরীক্ষা বন্ধ করে তাদের ভবিষ্যত্ ধ্বংস করতে চায়। তিনি বিরোধী দলের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, আপনারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব বাতিল করে দেবেন, তাহলে কি সমুদ্র বিজয় বাতিল করে দেবেন, শ্রমিকদের বেতন, কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেবেন?অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ২০০১ সালে টঙ্গীতে আহসানউল্লাহ মাস্টারকে হত্যার মাধ্যমে বিএনপি রাজনীতি শুরু করেছেন। আজ তাদের নেতাই হত্যার শিকার হচ্ছেন, গুম হচ্ছেন।জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, শ্রমমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গাজীপুর-৩ আসনের সাংসদ রহমত আলী, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান, সাংসদ মেহের আফরোজ, গাজীপুর জেলা প্রশাসক মো. আক্তারুজ্জামান, টঙ্গী পৌর মেয়র আজমত উল্যাহ খান প্রমুখ।