বিএনপি ছাড়াই জামায়াতকে নিষিদ্ধ করা সম্ভব: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সংসদে ‘ট্রাইব্যুনাল আইন সংশোধন’ বিল পাস হওয়ার মধ্য দিয়ে বিএনপির সমর্থন ছাড়াই এখন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব। খবর বাসসের।হানিফ বলেন, ‘আইন পাসের আগে আমরা বলেছিলাম, জামায়াত-শিবির নিষিদ্ধে আইন করতে বিএনপির সমর্থন প্রয়োজন। কিন্তু রোববার এ-সংক্রান্ত আইন জাতীয় সংসদে পাস হওয়ায় এখন আইনের মাধ্যমে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার পথ প্রসারিত হয়েছে এবং একটি ক্ষেত্র তৈরি হয়েছে। এখন এই আইনের মাধ্যমে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব।’আজ সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এ কথা বলেন।এ সময় ঢাকা মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে তিনি বলেন, রাস্তায় গাড়ি ভাঙচুর, মানুষ হত্যা, সর্বশেষ বাড্ডায় গাড়ি উল্টে মানুষ হত্যার মাধ্যমে বিএনপি-জামায়াতের ফ্যাসিবাদী চরিত্র প্রমাণিত হয়েছে।‘বিএনপি ক্ষমতায় গেলে মানবতাবিরোধী সব হত্যাকাণ্ডের বিচার করা হবে’— বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘প্রথমত, বিএনপি ক্ষমতায় আসতে পারবে কি না। কারণ, বাংলার মানুষ যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা উড়ুক তা আর দেখতে চায় না।’