বিএনপি ছাড়া অন্য শরিকদের নিয়ে মাঠে জামায়াত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে নতুন মেরুকরণ ঘটেছে। জোটের দ্বিতীয় প্রধান শরিক জামায়াতে ইসলামী মেয়র পদে আলাদা প্রার্থী দিয়েছে। এ নিয়ে বিএনপির সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি দাবি করে দলের নেতারা বলেছেন, জোটের শরিক ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে আলোচনা হয়েছে। তারা স্থানীয়ভাবে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের পর শিবিরবিরোধী পুলিশের অভিযান ইত্যাদি বিষয়ে বিএনপিকে প্রকাশ্যে পাশে পায়নি জামায়াত। গত ১৬ মাসে দল দুটির মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠকও হয়নি। ভোলা-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে জামায়াত মাঠে নামেনি।তবে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান দাবি করেন, চট্টগ্রামে জোটের অন্য শরিকদের নিয়ে প্রার্থী দেওয়ার কারণে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতির কোনো আশঙ্কা তাঁরা করছেন না।এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়নি। এখন কোনো মন্তব্য না করাই ভালো।’স্থানীয় সূত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার জামায়াতের মেয়র প্রার্থী আফসার উদ্দীন চৌধুরী সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস ও বিজেপির মহানগরের নেতারা ছিলেন। আর চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে বিএনপির প্রার্থী এম মঞ্জুর আলম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন কেবল বিএনপি ও বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনের নেতারা।চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর দলের প্রার্থিতা চূড়ান্ত করার আগে জোটের শরিক দলের নেতাদের সঙ্গে তিন দফা বৈঠক হয়েছে। বৈঠকে তাঁরা ঐক্যবদ্ধভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি স্বীকার করেন, বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। কারণ হিসেবে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন তো, তাই বিএনপির সঙ্গে আলোচনা হয়নি।’জামায়াত বিএনপিকে বাদ দিয়ে এগোতে চাচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান বলেন, ‘এটা তো জাতীয় নির্বাচন নয়। বিএনপি নিজে তো প্রার্থী দেয়নি, অন্য প্রার্থীকে সমর্থন দিয়েছে। বিএনপি নিজে প্রার্থী দিলে তখন অন্য রকম চিন্তা হতো।’জামায়াতের সঙ্গে অন্য শরিক দল: জামায়াতের প্রার্থীকে সমর্থন দেওয়ার কারণ জানতে চাইলে মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাওলানা মঈনুদ্দীন রুহী বলেন, ‘উনি সম্মিলিত নাগরিক পরিষদের প্রার্থী। উনি জামায়াত করেন, সেটা অন্য ব্যাপার।’ তিনি বলেন, ‘তারা (বিএনপি) আমাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা করেনি। শরিক দল হিসেবে আমাদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেনি। আমাদের তো রাজনৈতিক অস্তিত্ব আছে। সেটা তো রাখতে হবে।’বিজেপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম নগরের আহ্বায়ক নূর মোহাম্মদ খান জামায়াতের প্রার্থীকে সমর্থন করার যুক্তি হিসেবে বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে ভরাডুবির পর চট্টগ্রামে বা কেন্দ্রে চারদলীয় জোটের উল্লেখযোগ্য কোনো বৈঠক হয়নি। চট্টগ্রামে প্রার্থী ঘোষণার আগেও শরিক দলের সঙ্গে বিএনপি যোগাযোগ করেনি। তাই আমরা চিন্তা করলাম, বিকল্প একটা প্রার্থী দেওয়া যায় কি না।’অবশ্য বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রথম আলোকে বলেছেন, স্থানীয় নেতাদের কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার সুযোগ নেই। কেন্দ্র এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।চারদলীয় জোটের আরেক শরিক খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি খুরশীদ আলম বলেন, ‘জামায়াত বলল, তারা সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করবে, আমি যেন থাকি। তাদের বলেছি, নির্বাচনে কতটুকু ভূমিকা রাখব, সে বিষয়ে কেন্দ্রের নির্দেশনার জন্য অপেক্ষা করব।’খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘নির্বাচনে কাকে সমর্থন দেব, তা দুই দিনের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। স্থানীয় নেতারা কী করেছেন, তাতে কিছু যায়-আসে না। স্থানীয় নেতাদের অধিকার নেই কোনো সিদ্ধান্ত নেওয়ার।জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে জামায়াতের প্রার্থী থাকবে কি না, বা বিএনপির প্রার্থীকে জামায়াত সমর্থন করবে কি না, সেটা দুই দলের স্থানীয় নেতারা ঠিক করবেন। এ বিষয়ে কেন্দ্র থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না।