বিএনপি ছুটছে বাইরে আওয়ামী লীগ সদরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখানে কী করতিছো তোমরা, এখানটা নিয়ে চিন্তা করতে হবে না। সবাই দৌড়োও বাইরে, খালিশপুর-দৌলতপুরে।’ খুলনার বড় বাজারে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে গত সোমবার দুপুরে এ নির্দেশ দিলেন খুলনা-২ (সদর) আসনে বিএনপিদলীয় সাংসদ নজরুল ইসলাম। ওই এলাকায় কি বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামানের অবস্থা ভালো নয়—গতকাল মঙ্গলবার এ প্রশ্ন করলে সাংসদ নজরুল বলেন, ‘না, অবস্থা ভালো। তবে সেখানে এবার বেশি জোর দিচ্ছি আমরা।’আগের সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বিবেচনায় নিলে এ জোর দেওয়া অস্বাভাবিক নয়। জাতীয় সংসদের দুটি নির্বাচনী এলাকা নিয়ে খুলনা সিটি করপোরেশন এলাকা। সোনাডাঙা ও সদর থানা নিয়ে খুলনা-২ আসন। আর খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা (দুটি ইউনয়নও যুক্ত) নিয়ে খুলনা-৩ আসন। ২০০৮ সালের সিটি নির্বাচনে খুলনা-৩ আসনের এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৬ হাজারেরও বেশি ভোট পান। পরে নবম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে প্রায় একই ব্যবধানে জয়লাভ করেন আওয়ামী লীগের মন্নুজান সুফিয়ান। বিগত সিটি নির্বাচনে খালেক জিতেছিলেন ২৫ হাজার ৮৩৬ ভোটের ব্যবধানে।এবার এই ব্যবধান ঘোচাতে ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী ও তাঁর দলীয় নেতারা ছুটছেন খালিশপুর ও দৌলতপুরে। গত কয়েক দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং জাগপার সভাপতি শফিউল আলম প্রধান এই দুই শিল্পাঞ্চলে পথসভা ও ব্যাপক গণসংযোগ করেছেন। প্রার্থী মনিরুজ্জামানও গত সোমবার ও গতকাল খুলনা-৩ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।এ শিল্পাঞ্চলের শ্রমিক ভোট নির্বাচনে জয়-পরাজয়ে ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকেরা। এখানে বিএনপির বেশি নজরের আরেকটি কারণ, এ এলাকার দুটি পাটকল বন্ধ করা হয়েছিল বিএনপির আমলে। বর্তমান সরকার এখানকার বন্ধ দুটি পাটকল চালু করেছে। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার খালেক দাবি করলেন, খুলনা-৩ আসন এলাকার ভোট নিয়ে তিনি শঙ্কামুক্ত। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকায় প্রচারের কাজ আমি সেরে ফেলেছি। মানুষ আমাদের মূল্যায়ন করবে। আমরা আগের চেয়ে বেশি ভোটে জিতব।’ বিগত সিটি নির্বাচনে তালুকদার খালেক এ আসনের এলাকায় প্রতিদ্বন্দ্বীর চেয়ে আট হাজার ভোট বেশি পেলেও সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান হেরেছেন এক হাজার ৬৭০ ভোটে। এ কারণে তালুকদার খালেকসহ আওয়ামী লীগের নেতারা ওই এলাকায় প্রচারণায় জোর দিচ্ছেন। সাবেক স্পিকার রাজ্জাক আলী সোমবার তালুকদার খালেকের সমর্থনে এ এলাকার ৩১ নম্বর ওয়ার্ডে বড় সভা করেন। তালুকদার খালেক সোমবার এ এলাকার ২৯ নম্বর ওয়ার্ডে এবং গতকাল ৩০, ২৭, ২৪ ওয়ার্ডে প্রচারণা চালান।বিএনপির নেতাদের আশা, এ এলাকায় মনিরুজ্জামান বিপুল ভোট পাবেন।