বিএনপি জনগণের আস্থা অর্জন করতে পারেনি: গয়েশ্বর
বিরোধী দল হিসেবে বিএনপি এখনো জনগণের আস্থা অর্জন করতে পারেনি। সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও এ জন্যই এখনো গণ-অভ্যুত্থান হয়নি।আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘আওয়ামী লীগের দুঃশাসনের আড়াই বছর: বিপন্ন মানবতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। ‘প্রজন্ম একাডেমি’ নামে একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি আবু আল ইউসুফ গোলটেবিলে সভাপতিত্ব করেন।গয়েশ্বর রায় এতে বলেন, ‘আমাদের দলের কিছু নেতার চেহারা দেখে মানুষ ভয় পায়। তার পরও দলের জন্য তারা অপরিহার্য। এদেরকে দলে রেখে সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখছি, তার বাস্তবায়ন সম্ভব না।...সরকারের দমন-পীড়নে দেশের মানুষ অতিষ্ঠ হলেও বিএনপির ওপরও তারা খুব একটা আস্থা রাখতে পারছে না।’গয়েশ্বর বলেন, অতীতে যে পরিস্থিতিতে গণ-অভ্যুত্থান হয়েছে তার চেয়ে এখনকার পরিস্থিতি মোটেই ভালো নয়। তার পরও গণ-অভ্যুত্থান হচ্ছে না, কারণ বিরোধী দল হিসেবে বিএনপি জনগণের আস্থা অর্জন করতে পারেনি।’বিএনপিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন হয় না মন্তব্য করে দলের এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় যারা রাজপথ চষে বেড়িয়েছে, বিএনপির কোনো জায়গায় তাঁদের ঠাঁই হয়নি। আর যাদের তালা ভাঙার (সংস্কারপন্থী) অভিজ্ঞতা আছে, তাঁদের পুরস্কৃত করা হয়েছে।’স্থায়ী কমিটির আরেকজন সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘২০০৮ সালের নির্বাচন ভারতের অর্থ ও সহযোগিতায় হয়েছে—এ কথা আমরা শুরু থেকেই বলে আসছিলাম। আমাদের সেই কথাগুলোই এখন বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য ও প্রভাবশালী পত্রিকাগুলোর একটি দি ইকনমিস্ট লিখেছে।’