মুরাদনগরে প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াত বিদেশে গ্যাস বিক্রির ষড়যন্ত্র করেছিল (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াতের জোট সরকার বিদেশে গ্যাস বিক্রির ষড়যন্ত্র করেছিল। আজ শনিবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।শ্রীকাইল গ্যাসক্ষেত্রের গ্যাসকূপ খনন ও গ্যাস সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন শেষে মকলিসপুরে এই জনসভা হয়। উপজেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের জোট ক্ষমতায় থাকতে গ্যাসকূপ খনন করেছিল, কিন্তু কোনো গ্যাসের সন্ধান পায়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পুনরায় কূপ খনন করে গ্যাসের সন্ধান পেয়েছে। আওয়ামী লীগ যে কাজ করে, তাতে সফলতা অর্জন করে।শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে কিছুই করতে পারে না।’ মুরাদনগরে গ্যাসভিত্তিক শিল্প-কারখানা গড়ে তুলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে স্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন সাংসদ এ বি এম গোলাম মোস্তফা, সাংসদ জোবেদা খাতুন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল সরকার।নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের উদ্বোধনপরে বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা শহরের ধর্মসাগরপাড়ে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সড়কসংলগ্ন নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের উদ্বোধন করে এটি পরিদর্শন করেন। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লাবাসী কবি নজরুলের শ্বশুরবাড়ির মানুষ। তাঁর সম্মানে কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট কেন্দ্র হয়েছে। তাই জামাইয়ের সম্মান ভালোভাবে রাখতে হবে। তাঁর স্মৃতিচিহ্ন ও ঐতিহ্য ধরে রাখতে হবে। কবি নজরুল বহুমুখী প্রতিভার অধিকারী হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন। তাঁর কবিতা, সংগীত, শ্যামাসংগীত ও উচ্চাঙ্গসংগীত আমাদের হূদয়ে প্রোথিত রয়েছে। কবি নজরুলই হামদ, নাত ও ইসলামি সংগীতের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন। আমাদের জীবনের প্রতিটি স্তরে নজরুল ওতপ্রোতভাবে জড়িত।’ সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, সংস্কৃতিসচিব রণজিত্ কুমার বিশ্বাস প্রমুখ।২০১২-১৩ অর্থবছরে চার কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে গণপূর্ত অধিদপ্তরের অর্থায়নে নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের কাজ শেষ হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টার দিকে কুমিল্লার মুরাদনগরে পৌঁছান।