বিএনপি-জামায়াত সমর্থকদের নাগরিক অধিকার কমিটি
নাগরিক অধিকারবিষয়ক জাতীয় কমিটি গঠন করেছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। ‘ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস’ নামের এই কমিটির আহ্বায়ক কবি ও লেখক ফরহাদ মজহার। সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েম তাঁদের লক্ষ্য বলে জানানো হয়েছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের মাঠে বুদ্ধিজীবী, পেশাজীবী, লেখক ও শিল্পীদের এক মতবিনিময় সভায় ওই কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য দেওয়া প্রায় সবাই বিএনপি-জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) ওই মতবিনিময়ের আয়োজন করে।তবে কমিটির মনোনীত আহ্বায়ক ফরহাদ মজহার বলেন, ‘কোনো দলের দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে এখানে আসিনি। এটা আমার দায়িত্ব নয়। আগামী দিনে অন্য কারও নাগরিক অধিকার ভূলুণ্ঠিত হলে তাদের পক্ষে দাঁড়াব।’ তিনি এই কমিটিকে কোনো ‘দলীয় প্রচেষ্টার দিকে’ নিয়ে না যেতেও পেশাজীবীদের প্রতি আহ্বান জানান।সভার শেষ দিকে বিএনপির সমর্থক হিসেবে পরিচিত বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমীন গাজী ওই কমিটির আহ্বায়ক হিসেবে ফরহাদ মজহারের নাম প্রস্তাব করেন। উপস্থিত সবাই সমর্থন দেন। এ সময় জানানো হয়, পরবর্তী সময় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পূর্ণাঙ্গ কমিটি হবে দুই হাজার এক সদস্যের। বিভিন্ন পেশাজীবী সংগঠনের সভাপতিরা হবেন যুগ্ম আহ্বায়ক। আর পেশাজীবী সংগঠনের একজন মহাসচিব হবেন কমিটির সদস্যসচিব। বাকি মহাসচিব বা সাধারণ সম্পাদকেরা হবেন যুগ্ম সদস্যসচিব।মতবিনিময় সভার শুরুতে ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটসের ঘোষণাপত্র পড়েন বিএফইউজের একাংশের মহাসচিব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ। তিনি দাবি করেন, বিরোধী দল ও মতকে নজিরবিহীন নৃশংসতায় দমনের অপচেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পাশাপাশি শাহবাগের গণজাগরণ মঞ্চের নামে সামাজিক প্রতিপক্ষ হিসেবে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামকে দাঁড় করানো হয়েছে। এর মধ্যমে গণতন্ত্রপ্রিয় ধর্মমনা জনগোষ্ঠীকে অস্তিত্বের প্রান্তসীমায় উপনীত করা হয়েছে।ঘোষণাপত্রে বলা হয়, ‘এই সমাবেশের গভীর উপলব্ধি হচ্ছে গণহত্যা ও ফ্যাসিবাদ চাপিয়ে দিয়ে বর্তমান সরকার দেশময় জিঘাংসা, অনৈক্য, সর্বোপরি গৃহযুদ্ধাবস্থা তৈরি করেছে। এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সমাজের সব স্তরে সংলাপ চালিয়ে যেতে হবে।’মতবিনিময় সভায় যেসব পেশাজীবী নেতা বক্তব্য দেন তাঁদের বেশির ভাগই মতবিনিময় না করে সরকার পতন আন্দোলনে যোগ দেওয়ার কথা বলেন।জাতীয় পর্যায়ে অসহনীয় অবস্থা সৃষ্টি হয়েছে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ বলেন, জনগণই ক্ষমতার মূল। তাদের সচেতন করা হলে যত শক্তিশালী ফ্যাসিবাদই হোক, দাঁড়ানোর সুযোগ থাকে না।কবি আল মাহমুদ বলেন, ‘আমরা চাই বাংলাদেশের প্রগতিশীল মানুষ ক্রমান্বয়ে অগ্রসর হবে। সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আশা করি, আমরাই বিজয়ী হব।’মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, প্রবীণ আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান টি এইচ খান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপিদলীয় সাংসদ মাহবুব উদ্দিন, ‘নয়া দিগন্ত’ পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ‘সংগ্রাম’-এর সম্পাদক আবুল আসাদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম এ মাজেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (বিএনপি-জামায়াত সমর্থক সাদা দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী) মামুন আহমেদ, বিএনপির সমর্থক চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি আজিজুল হক প্রমুখ বক্তব্য দেন।