বিএনপি-জামায়াতের ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ১৮ দলীয় জোটের হরতালের শেষ দিন গতকাল মঙ্গলবার পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি-জামায়াতের ১৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালেকুজ্জামান গতকাল রাতে বাদী হয়ে একই থানায় মামলাটি করেন।এজাহারে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১৪০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।এজাহারে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন: রুহুল কুদ্দুস সোহাগ (২৩), আবদুল হান্নান (৩০), মো. জোবাইর হোসাইন (২২), মো. সাইফুল ইসলাম মিজান (২১), মো. মুসলিম সাইফুল (২৩), সাব্বির আহম্মেদ (১৭), মো. রাসেল (১৪), হোসাইন শেখ (১৬), মইনুল ইসলাম প্রান্ত (২৬) ও মো. সানাউল্লা (২২)। পুলিশের অভিযোগ, গতকাল সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে বিএনপি-জামায়াত জোটের নেতা-কর্মীরা সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর, উসকানিমূলক স্লোগান দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেন। এতে বাধা দিলে হরতালকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হন। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক দফা রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনায় গতকাল ১০ জনকে আটক করা হয়েছে।