বিএনপি-জামায়াতের ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
রাজধানীর পল্টনে গতকাল বুধবার বিএনপির বিক্ষোভ-সমাবেশে সহিংসতার অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রায় ২০০ জন নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা হয়েছে। গতকাল রাত নয়টা ১৫ মিনিটে পল্টন থানায় বাদী হয়ে মামলাটি করেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. তাহের ভূঁইয়া। এ মামলায় বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম, হাবিব উন নবী খান সোহেল, আজিজুল বারী হেলালসহ ৩২ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামীর অজ্ঞাতনামা আরও ১৩০-১৫০ জন নেতা-কর্মীকে আসামি করা হয় এ মামলায়।পল্টন থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জুবায়ের মক্কি প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে, গতকাল বুধবারের বিক্ষোভ-সমাবেশ পণ্ড হওয়ার ঘটনায় সরকারকে দায়ী করেছে বিএনপি। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভপূর্ব সমাবেশ চলাকালে নাইটিংগেল মোড়ের কাছে একটি মিছিল থেকে কয়েকটি ককটেল ফাটানো হয়। এরপর পুলিশ কিছুক্ষণ টানা গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাসের শেল ছুড়লে সমাবেশ পণ্ড হয়ে যায়। এ সময় গুলিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালামসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হন। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।